- একের পর এক ভূমিধস হলেও বিপুল সংখ্যক রোহিঙ্গা বাধ্য হয়েই বসবাস করছেন শরণার্থী শিবিরে।
- এদিকে শরণার্থী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প সম্প্রসারণ হলে, হুমকিতে পড়বে সেখানকার বন ও জীববৈচিত্র্য। দ্রুত ধংসের পধে এগুবে পুরো প্রক্রিয়াটি।
- এক গবেষণায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢাল দ্রুত সুরক্ষার সুপারিশ করা হলেও তহবিল সংকটে আটকে আছে সেটি– দাবি করছে কর্তৃপক্ষ।
কিছু দিন পরপরই অভ্যন্তরীন বিবাদ আর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে ধাপে ধাপে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গা জনগোষ্টির কিছু মানুষ। দেশটিতে নতুন করে দ্বন্দ্বসংঘাত শুরু হওয়ার পর গত কয়েক মাসে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া অঞ্চলের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন ১,৫০,০০০–এর বেশি রোহিঙ্গা। গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এসব তথ্য।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (RRRC) কার্যালয় জানায়, প্রায় ২৪ বর্গকিলোমিটার (৯.২ বর্গমাইল) এলাকাজুড়ে বিস্তৃত এসব শিবিরে বর্তমানে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ১১,৭০,৯৭৮। অর্থাৎ সেখানে প্রতি বর্গমাইলে জনঘনত্ব দাঁড়িয়েছে ১,২৪,৩০০ জনে। এদিকে সীমিত পরিসরে হলেও রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত থাকায় ঘিঞ্জি এই বসতিগুলো আরও সংকীর্ণ হয়ে মারাত্মক ধসের মুখে পড়ছে প্রতিনিয়ত।
একাধিক গবেষণায় দেখা গেছে, সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে বেলে মাটির পাহাড়ি ঢালে গড়ে ওঠা এসব আশ্রয় শিবির প্রাকৃতিক দুর্যোগের সময় ভীষণভাবে অরক্ষিত থাকে।
প্রতি বছরই ভারী বৃষ্টিতে ক্যাম্পের কোনো না কোনো পাহাড়ে ভূমিধস হয়। চলতি বছর ৪ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে রোহিঙ্গা শিবিরগুলোতে ২০০টিরও বেশি ভূমিধস হয় বলে জানায় বেসরকারি সংস্থা রোহিঙ্গা রিফিউজি রেসপন্স।
এসব ঘটনায় পাঁচ কিশোরীসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন।

গত ৮ সেপ্টেম্বর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে মঙ্গাবের কথা হয়। তিনি বলেন, “মিয়ানমার থেকে ক্রমাগত অনুপ্রবেশের কারণে শরণার্থী সম্প্রদায়ের পক্ষ থেকে ক্যাম্প সম্প্রসারণের দাবি তোলা হচ্ছে। আর সম্প্রসারণ মানেই নতুন বন ও পাহাড় ধ্বংস করা, যা বহন করার সামর্থ্য বাংলাদেশের আর নেই।”
মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ঢল আসার পর ২০১৭ সালেই তাদের বসতি গড়তে কক্সবাজারে প্রাথমিকভাবে ১,৫০২ হেক্টর (৩,৭১৩ একর) বনভূমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এ ঘটনার দুই বছর পর বনবিভাগ জানায়, শরণার্থী শিবিরের কারণে জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের হিসেবে, এই বসতিগুলো গড়ে তোলায় চিরতরে ধংস হয়েছে সংরক্ষিত বনাঞ্চলের ৩,২৩০ হেক্টরেরও বেশি (৮,০০০ একর) বন।
উখিয়ার ভূপ্রাকৃতিক পরিবর্তন নিয়ে পরিচালিত ২০২০ সালের একটি গবেষণায় দেখা যায়, বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতি কুতুপালংয়ের ভূমিধস ও বন্যার ঝুঁকি ক্রমশ বাড়ছে। উঁচু অংশে পাহাড় কেটে রাস্তা ও সিড়ি বানানোই এর মূল কারণ বলে দাবি করা হয় গবেষণায়।
এদিকে কুতুপালং ক্যাম্পের ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালগুলো চিহ্নিত করে ২০২৫ সালের অন্য এক গবেষণায় আরো উদ্বেগের খবর উঠে আসে। ১,৭২৬টি ঢালের জরিপ অনুযায়ী, রোহিঙ্গাদের আসার আাগে, মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিধসের পরিমাণ ছিলো মাত্র ১০৯টি; অথচ ২০২১ সালের মধ্যেই এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯১টিতে।
গবেষকদের পর্যবেক্ষণ, বিপুলসংখ্যক শরণার্থী আশ্রয় দিতে গিয়ে ভূপ্রকৃতিতে যে পরিবর্তন আনা হয়েছে, তার ফলেই এই ঝুঁকি মারাত্মক রূপ নিয়েছে ভূমিধস।
গবেষণার অন্যতম সহ-লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের সহকারী অধ্যাপক শামীমা ফেরদৌসী সিফা। তিনি জানান, রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশের পাশাপাশি জলবায়ূ পরিবর্তনজনিত প্রভাব (বৃষ্টিপাতের ধরন, সময় বদলে যাওয়া) এই দুর্যোগে বড় ভূমিকা রাখছে।
সিফা আরও উল্লেখ করেন, “যতদিন পর্যন্ত ঝুঁকিপূর্ণ ঢালগুলোতে বসতি বাড়তে চলতে থাকবে, ততদিন রোহিঙ্গা শরণার্থীরা ভূমিধসের ঝুঁকির মধ্যেই থাকবেন।”


শরণার্থীর চাপে দুর্বল হচ্ছে পাহাড়
ভৌগোলিকভাবে কক্সবাজার মূলত একটি প্লাবন সমভূমি, এর ভূমির গড় ঢাল প্রায় ৪ ডিগ্রি। বৈশ্বিক গড় সমুদ্রপৃষ্ঠ থেকে এলাকাটির গড় উচ্চতা ১৭ মিটার (৫৬ ফুট)।
অঞ্চলটির ভূপ্রকৃতি বিচিত্র। পুরো এলাকা জুড়ে রয়েছে সমতল প্লাবনভূমি, কাঁদামাটির চর, বালিয়াড়ি, জোয়ারভাটার খাঁড়ি, ছোট টিলা ও বালুকাময় সমুদ্রসৈকত।
এছাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যসহ বিস্তৃত সংরক্ষিত বনও এ অঞ্চলের ভূপ্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য।
কুতুপালং ক্যাম্পে বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি নিয়ে ২০২২ সালে একটি গবেষণা পরিচালিত হয়। সেখানে দেখা গেছে,বেশিরভাগ ধসই ঘটেছে ঢাল ক্ষয়ে আসা মাটি ও দুর্বল পলিযুক্ত বেলেপাথরের স্তরে।
গবেষকদের তথ্যমতে, ক্যাম্পগুলো যেসব পাহাড়ে অবস্থিত সেখানকার মাটির ভিত্তি মূলত টিপাম বেলেপাথর, গিরুজান কাদামাটি এবং ডুপি টিলা ধরনের নদীজাত বেলেপাথর, কাদা ও সৈকতের তলানিতে জমা মাটির স্তর। এর ওপর বাঁশ ও পলিথিনের ছাউনি দিয়ে তৈরি অপরিকল্পিত বসতির কারণে পাহাড়গুলো আরও খাড়া হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ভারী বৃষ্টিপাত এবং অরক্ষিত অবস্থার কারণে এই ভূখণ্ডে বারবার ঘটছে ভূমিধস।
সরকারি-বেসরকারি পরিসংখ্যান বলছে, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৩,১০০টিরও বেশি ভূমিধসের ঘটনা নথিভুক্ত হয়। ক্ষতিগ্রস্ত হন ৭৩,০০০-এর বেশি মানুষ। চলতি বছরেও রোহিঙ্গা শিবিরে ২০০টিরও বেশি ভূমিধস হয়। এর ফলে বাস্তুচ্যুত হয় ১৩,০০০-এর বেশি বাসিন্দা।

কুতুপালংয়ের ৮ নম্বর (পশ্চিম) ক্যাম্পের ইনচার্জ রিন্টু বিকাশ চাকমা জানান, মিয়ানমার থেকে ক্যাম্পের বাসিন্দাদের নতুন আত্মীয়স্বজন এলে তাদের ঠাঁই দিতে নতুন ঘর লাগে়, আর সেজন্য নিষেধাজ্ঞা থাকলেও পাহাড়ি ঢালের বাকি অংশ কেটে বসতি গড়ার প্রবণতা বেড়েই চলেছে।
তিনি সতর্ক করে বলেন, “এভাবে কাটা ঢালের ওপরে ও নিচে গড়ে ওঠা ঘরগুলো ভূমিধসের তীব্র ঝুঁকিতে পড়ছে।”
প্রাণহানি এড়াতে প্রতি বর্ষাতেই ঝুঁকিপূর্ণ ঢালগুলোতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। তবে অনেক বাসিন্দা এগুলোকে গুরুত্ব দেয়না বলে জানান ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা।
চলতি মাসের শুরুর দিকে মঙ্গাবের এই প্রতিবেদক, কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্প পরিদর্শনে গিয়ে দেখেন লাল পতাকায় চিহ্নিত চরম ঝুঁকিপূর্ণ ঢালগুলোতে তখনও বসবাস করছেন অনেক পরিবার।
সেখানকার বাসিন্দা ৫৫ বছর বয়সী মরিয়ম বেগম জানান, ২০১৭ সাল থেকে পাঁচ সদস্যের পরিবার নিয়ে এই ভিটেতে থাকছেন তারা। এখান থেকে উচ্ছেদ হওয়ার চেয়ে ভূমিধসের ঝুঁকি নিয়ে বসবাস করা, তার কাছে এক ধরনের নিরাপত্তা।
তবে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, “কর্তৃপক্ষ হয় এই ঢালকে ভূমিধসরোধী করে গড়ে তুলুক, নয়তো আমাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিক।”

ঢাল সুরক্ষায় প্রয়োজন টেকসই অর্থায়ন
২০২৫ সালের সমীক্ষায় চিহ্নিত ১,৭২৬টি ঢালের মধ্যে ২৮৭টিকে জরুরি ভিত্তিতে সুরক্ষার সুপারিশ করা হয়। এছাড়া স্বল্পমেয়াদি অগ্রাধিকার হিসেবে ৪২৮টি এবং দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য আরও ৫০৫টি ঢালকে চিহ্নিত করেছেন গবেষকরা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, “তহবিল সংকট, ক্যাম্পগুলোর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।”
আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সমন্বয়ে পরিচালিত উদ্যোগ রোহিঙ্গা রিফিউজি রেসপন্স-এর অধীনে ক্যাম্পগুলোর প্রবেশাধিকার, নিরাপত্তা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচিতে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রয়োজনীয় বরাদ্দের মাত্র ৪০ শতাংশ পাওয়া গেছে। একটি সরকারি নথি অনুসারে, এ কর্মসূচিতে মোট চাহিদা ৩৮.৮ মিলিয়ন ডলার। ঘাটতি রয়েছে ২৩.২ মিলিয়ন ডলার।
একই উদ্যোগের আওতাধীন বৃহত্তর শেল্টার অ্যান্ড ক্যাম্প কোঅর্ডিনেশন অ্যান্ড ক্যাম্প ম্যানেজমেন্ট (SCCCM) কর্মসূচিতেও চাহিদার মাত্র ৪২ শতাংশ তহবিলের সংস্থান হয়েছে। ফলে জরুরি ভিত্তিতে পাহাড়ের ঢাল সুরক্ষিত করা, পানি নিষ্কাশন ব্যবস্থা, ওয়াটারশেড ব্যবস্থাপনা ও দুর্যোগ ঝুঁকি কমানোর উদ্যোগগুলো বাস্তবায়নে এখনও ৭৩.৯ মিলিয়ন ডলার প্রয়োজন।
ব্যানার ছবি: কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে বন্যা ও ভূমিধসের কারণে পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: UN Women/Allison Joyce via Flickr (CC BY-NC-ND 2.0)।
নিবন্ধটি প্রথম প্রকাশ হয় মঙ্গাবে গ্লোবাল-এ ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর।
সাইটেশন:Quader, M. A., Dey, H., Malak, M. A., & Sajib, A. M. (2020). Rohingya refugee flooding and changes of the physical and social landscape in Ukhiya, Bangladesh. Environment, Development and Sustainability, 23, 4634-4658. doi:10.1007/s10668-020-00792-0
Haque, D. M. E., Roy, R., Tasnim, S., Sifa, S. F., Karunatillake, S., Kamal, A. S. M. M., & Lorenzo, J. M. (2025). Decoding dynamic landslide hazard processes for a massive refugee camp in Bangladesh. Environmental Challenges, 19, 101172. doi:10.1016/j.envc.2025.101172
Kamal, A. S. M. M., Ahmed, B., Tasnim, S., & Sammonds, P. (2022). Assessing rainfall-induced landslide risk in a humanitarian context: The Kutupalong Rohingya Camp in Cox’s Bazar, Bangladesh. Natural Hazards Research, 2(3), 230-248. doi:10.1016/j.nhres.2022.08.006