- পাঞ্জাবের পঞ্চনদীতে (ঝিলাম, ইরাবতি, চন্দ্রভাগা, বিপাশা ও শতদ্রুকে পাকিস্তানে পঞ্চনদী বলা হয়), সিন্ধু নদের ডলফিনের জন্য অভয়ারণ্য গড়ে তুলেছে পাকিস্তান। এটি সিন্ধু নদের একটি সংরক্ষিত এলাকার সঙ্গে যুক্ত হয়ে, ৪০০ কিলোমিটার দীর্ঘ এক নিরবচ্ছিন্ন করিডোর তৈরি করেছে।
- একটি সমীক্ষা (২০২৫) অনুযায়ী, বিপন্ন সিন্ধু নদের ডলফিনের মোট সংখ্যা আগের চেয়ে বেড়েছে। ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে এই হার ১৯.৪ শতাংশ। আনুমানিক ১,৯৮৭টি ডলফিনের উপস্থিতির তথ্য আছে তাদের কাছে।
- ডলফিনের সংখ্যা কিছুটা বাড়লেও, এদের মোট সংখ্যার প্রায় ৯৯ শতাংশই নদীর মাত্র ৬৯০ কিলোমিটার অংশে সীমাবদ্ধ। সেচ বাঁধের কারণে বাসস্থান খণ্ডিত হওয়া ও প্রাণঘাতী কারেন্ট জালে আটকা পড়ার মতো মারাত্মক ঝুঁকিতে রয়েছে তারা।
- বন্যপ্রাণী কর্মকর্তা ও সংরক্ষণবাদীদের মতে, স্থানীয়ভাবে ‘ভুলান’ নামে পরিচিত এই বিশেষ প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজন আন্তঃপ্রাদেশিক সমন্বয়। এছাড়া পরিবেশবান্ধব বাঁধ ও স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনাও জরুরি।
আজ থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ বছর আগের কথা। মধ্য-মায়োসিন যুগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তখন অনেক বেশি। সে সময় সিন্ধু নদের ডলফিনের পূর্বপুরুষরা আজকের সিন্ধু অববাহিকার ঘোলা পানিতে এসে আশ্রয় নেয়। হাজার হাজার বছরের বিবর্তনের মধ্য দিয়ে এই নতুন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিলো তারা। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেও, তাদের মধ্যে গড়ে ওঠে চমৎকার প্রতিধ্বনিভিত্তিক দিকনির্ণয় ব্যবস্থা।
দৃষ্টিহীন এই স্তন্যপায়ী প্রাণীরা বর্তমানে মূলত পাকিস্তানেই টিকে রয়েছে, যদিও ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলেও এদের একটি ছোট্ট দল দেখা যায়। শুষ্ক মৌসুমে নদীর অগভীর এলাকায় একপাশে কাত হয়ে সাঁতার কাটে এরা। তবে বিবর্তনের এই বিস্ময়কর রূপান্তরের পরও আধুনিক পরিবর্তনের ধাক্কা সামাল দিতে পারছে না সিন্ধু নদের ডলফিন।
কৃত্রিম বাঁধ, খাল ও সেচ ব্যারেজের বিস্তৃতির কারণে ডলফিনের আবাসস্থল মারাত্মকভাবে খণ্ডিত। ফলে স্থানীয়ভাবে ‘ভুলান’ নামে পরিচিত সিন্ধু নদের ডলফিনের (Platanista minor) ঐতিহাসিক বিচরণক্ষেত্র সংকুচিত হয়েছে প্রায় ৮০ শতাংশ। উনিশ শতকের শেষভাগেও যেখানে এদের সংখ্যা ছিলো আনুমানিক ১০,০০০, সেখানে ২০০১ সালে তা কমে দাঁড়ায় মাত্র ৬১৭টিতে। পরবর্তী এক দশকে সংখ্যাটি কিছুটা বেড়ে প্রায় ২,০০০-এ পৌঁছায়। বর্তমানে সিন্ধু নদের ডলফিন IUCN রেড লিস্টে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত।
এই প্রেক্ষাপটে পাকিস্তান সরকার ২০২৬ সালের জুন মাসে পাঞ্জাব অংশের প্রায় ২০০ কিলোমিটার (১২৩ মাইল) নদীপথ সুরক্ষার আওতায় আনে। আনুষ্ঠানিকভাবে এলাকাটিকে ঘোষণা করা হয় পঞ্চনদীতে সিন্ধু নদীর ডলফিন অভয়ারণ্য। নতুন এই সুরক্ষিত এলাকা পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশের একটি সংরক্ষিত এলাকার সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে গড়ে উঠেছে ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) দীর্ঘ এক নিরবচ্ছিন্ন আইনি সুরক্ষাবলয়। বিশ্বের অন্যতম বিরল মিঠাপানির এই ডলফিনকে টিকিয়ে রাখতে বলয়টি এখন সবচেয়ে নির্ভরশীল জায়গা।
আইনি সুরক্ষার এই পদক্ষেপটি বেশ সময়োপযোগী। এন্ডেঞ্জারড স্পিসিস রিসার্চ (ESR) সাময়িকীতে ২০২৫ সালে ডলফিন নিয়ে একটি গবেষণা প্রকাশ হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, সিন্ধু নদীর ডলফিনের মোট সংখ্যা বেড়ে আনুমানিক ১,৯৮৭টিতে পৌঁছেছে। ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে এই বৃদ্ধির হার ছিল ১৯.৪ শতাংশ। এতে স্পষ্ট যে, ৭০-এর দশকে ডলফিন শিকার নিষিদ্ধ করার মতো সংরক্ষণ উদ্যোগগুলো ইতিবাচক সুফল এনেছে। তবে উদ্বেগের বিষয় হলো, টিকে থাকা ডলফিনের প্রায় ৯৯ শতাংশই এখন পাঞ্জাবের চশমা ব্যারেজ ও সিন্ধু প্রদেশের সুক্কুর ব্যারেজের মধ্যবর্তী ৬৯০ কিলোমিটার (৪৩০ মাইল) নদীপথের মধ্যে সীমাবদ্ধ।

ESR-এর গবেষণার একজন প্রধান লেখক হামেরা আয়েশা। তিনি বলেন, সিন্ধু নদের ডলফিন কেবল এই নদীটির একটি নিজস্ব প্রজাতি। যদিও ভারতে বিপাশা নদীতে খুব অল্প কিছুই টিকে আছে এখন।
“বিষয়টি এখন এমন যে, সিন্ধু থেকে যদি এর সংখ্যা কমতে থাকে, তবে অনিশ্চিত হয়ে পড়বে এই প্রজাতির ভবিষ্যৎ।”
“প্রজাতিটির ওপর নানা রকম হুমকি ও পাকিস্তানে এর প্রাধান্য থাকায়, এটিকে রক্ষা করার অনন্য বৈশ্বিক দায়িত্বও বর্তায় দেশটির ওপর”, বলেন আয়েশা।
ডলফিনের সংখ্যা বাড়ার প্রবণতা আশা জাগালেও, বহু কষ্টে অর্জিত এই অগ্রগতি এখনও খুব ভঙ্গুর বলে সতর্ক করেছেন সংরক্ষণবিদরা। এছাড়া নিজেদের আদি বিচরণক্ষেত্রের সামান্য একটি অংশে আটকে থাকা প্রাণীগুলো প্রতিনিয়ত পড়ছে নানা রকম বিপদের মুখে ।
এদিকে সবচেয়ে বড় ও সরাসরি বিপদটি আসছে তাদের নিজেদের জলপথ থেকেই। সিন্ধু অববাহিকায় ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে যতগুলো ডলফিনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে, তার ৫২ শতাংশই কারেন্ট জালে আটকা পড়ে ঘটেছে।
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের জীববিজ্ঞানী এবং ২০২৫ সালের গবেষণাটির সহ-লেখক উজমা খান। ইমেইলের মাধ্যমে মঙ্গাবে-কে তিনি জানান, “পাকিস্তানে ডলফিনের দ্বিতীয় বড় দলটি রয়েছে সিন্ধু নদের পাঞ্জাব অংশে।”
“বাণিজ্যিক মাছ ধরার জন্য ইজারা ব্যবস্থা চলে পঞ্চনদীতে। ফলে চুক্তিটি আর্থিকভাবে লাভজনক করতে একজন ঠিকাদার যত বেশি সম্ভব মাছ ধরতে চান। এটি ডলফিনের জন্য ক্ষতিকর, কারণ মাছ ধরার জালে আটকা পড়ে মারা যাওয়াই বিশ্বব্যাপী নদীর ডলফিনগুলোর প্রধান হুমকি।”

সিন্ধু নদের ডলফিন “সিন্ধু নদের রানী” নামে পরিচিত এবং এটি সিন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতাধীন। সিন্ধু বন্যপ্রাণী দপ্তরের কনজারভেটর জাভেদ মহার বলেন, “নদীতে ব্যারেজ ও বাঁধ নির্মাণের আগে অ্যাটক থেকে সিন্ধু ব-দ্বীপ পর্যন্ত এদের দেখা যেতো, তবে পরে এদের আবাসস্থল সংকুচিত হয়ে পড়ে। ১৯৭০ সালে সিন্ধু সরকার এই অনন্য প্রজাতিকে আইনি সুরক্ষা দেয় এবং গুড্ডু ও সুক্কুর ব্যারেজের মধ্যবর্তী অংশকে ঘোষণা করে সিন্ধু ডলফিন সংরক্ষিত এলাকা। খাইবার পাখতুনখাওয়া (KPK) ও পাঞ্জাবসহ বাকি দুটি প্রদেশের পক্ষ থেকেও একই ধরনের পদক্ষেপ প্রয়োজন ছিলো।”
নতুন এই ১২৩ মাইল নদী পথকে, সিন্ধুর দীর্ঘ সংরক্ষণ ঐতিহ্যেরই গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা মনে করেন মহার। “সম্প্রতি পাঞ্জাবে সিন্ধু ডলফিনের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা, একটি আশা জাগানিয়া পদক্ষেপ”, বলেন তিনি।
“এসব ডলফিনের স্বার্থে সিন্ধু প্রদেশের সঙ্গে অংশীদারিত্বে WWF-পাকিস্তানের মতো অভিজ্ঞ একটি সংস্থার যুক্ত। তাই আমরা আশা করতে পারি, ভবিষ্যতে এই প্রজাতির প্রজনন নিয়েও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।”
গবেষক হামেরা আয়েশা ও তার দলের মতে, পঞ্চনদী অভয়ারণ্য গড়ে তোলা খুব জরুরি ছিলো। এর ফলে পাঞ্জাবে বাণিজ্যিক মাছ শিকারের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক তদারকির ঘাটতি দূর করা সম্ভব হবে বলে মনে করেন তারা। আয়েশা বলেন, এতোদিন সিন্ধুর গুড্ডু ও সুক্কুর ব্যারেজের মধ্যবর্তী অংশই মূলত এই ডলফিনদের মূল আশ্রয়স্থল ছিলো। এখন উজানে পাঞ্জাবের নতুন পঞ্চনদী অভয়ারণ্যটি সিন্ধুর সেই সংরক্ষিত এলাকার সহায়ক কার্যক্রম হিসেবে বিবেচিত হবে বলে আশা করেন তিনি।
“তাই নতুন পঞ্চনদী অভয়ারণ্য পাঞ্জাবে আনুষ্ঠানিক সুরক্ষার গুরুত্বপূর্ণ বিস্তারকে তুলে ধরে,” বলেন আয়েশা।
“মাছ ধরার মতো কর্মকাণ্ড থেকে হুমকি মোকাবিলায় এই অভয়ারণ্যটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার সক্ষমতা রাখে। কারণ এটি বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ, হুমকি পর্যবেক্ষণ এবং সংরক্ষণমূলক উদ্যোগগুলোর সমন্বয় করার মধ্য দিয়ে উদ্যোগটির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে।”

মানচিত্রের দাগ হয়তো আইনি সুরক্ষা নিশ্চিত করতে পারে, তবে সিন্ধু নদের বাস্তব পরিস্থিতি একেবারেই আলাদা। সেচ কাজের ব্যারেজগুলোর কারণে ডলফিনের আবাসস্থল এখনও মারাত্মকভাবে খণ্ডিত। এসব অবকাঠামো ডলফিনগুলোকে বিচ্ছিন্ন কয়েকটি দলে আটকে ফেলে এবং প্রায়ই এদের ঠেলে দেয় বিপজ্জনক সেচ খালের দিকে।
সেচ খালে পথ হারানো ডলফিনদের উদ্ধারে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছে WWF-এর বিশেষ উদ্ধারকারী দল। তীব্র শারীরিক ও মানসিক ধকলের মধ্যে থাকা এই প্রাণীদের উদ্ধারের পর, মূল নদীতে ফিরিয়ে নিয়ে যেতে হয় তাদের জন্য তুলনামূলক দুর্গম পথে।
আয়েশা মনে করেন, নতুন অভয়ারণ্যটি কাগজে-কলমে ৪০০ কিলোমিটার আবাসস্থলকে যুক্ত করেছে ঠিকই, তবে “সুরক্ষার ধারাবাহিকতা এবং প্রতিবেশগত সংযোগের” মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এছাড়া অভয়ারণ্য ঘোষণা করলেই ব্যারেজ ব্যবস্থার কারণে সৃষ্ট জলপথের এই ভৌগোলিক বিচ্ছিন্নতা দূর হয়ে যায় না বলেই তার মত।
“ডলফিন আটকে পড়ার সমস্যাটি সুক্কুরের আরও ভাটিতে অনেক বেশি গুরুতর”, বলেন খান।
নতুন ঘোষিত এই সংরক্ষিত অঞ্চলে আরও কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পাঞ্জাব বন্যপ্রাণী ও উদ্যান অধিদপ্তর। এতে ডলফিনের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং জলপথ নিরাপদ রাখা সহজ হবে। আয়েশা উল্লেখ করেন, ব্যারেজগুলো অপসারণ করা অবাস্তব হলেও, ডলফিনের খালে প্রবেশের ঝুঁকি কমাতে ব্যারেজ পরিচালনার ক্ষেত্রে প্রতিবেশগত বিষয়গুলোকে ক্রম অনুসারে গুরুত্ব দেওয়া যেতে পারে।
মাছের জাল আর কংক্রিটের ব্যারেজ ছাড়াও সামগ্রিক প্রতিবেশগত সংকটের কারণে সিন্ধু নদের আবাসস্থল তীব্র চাপের মুখে রয়েছে। নদী অববাহিকায় সোনা আহরণের কাজে ব্যবহার করা হয় পারদ ও সায়ানাইডের মতো বিষাক্ত রাসায়নিক । এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং ধংস হচ্ছে সামগ্রিক জলজ খাদ্যশৃঙ্খল। এসবের সঙ্গে যুক্ত হয়েছে পরিবর্তিত জলবায়ুর প্রভাব। বৃষ্টির ধরন বদল এবং হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাওয়ার কারণে, সিন্ধু নদের স্বাভাবিক পানিপ্রবাহ ও প্রতিবেশ নষ্ট হওয়ার ঝুঁকিও দেখা দিয়েছে।


“নদীর পর্যাপ্ত পানিপ্রবাহ ও আবাসস্থলের মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ”, বলেন আয়েশা।
“ডলফিনের বেড়ে ওঠা ও স্বাস্থ্যগত বিষয় নির্ভর করে, নদীর পর্যাপ্ত গভীরতা, সংযুক্ত জলপথ এবং স্বাস্থ্যকর মাছের পরিমাণের ওপর। তাই পানি প্রত্যাহার এবং পরিবর্তিত প্রবাহ ব্যবস্থা সরাসরি ডলফিন সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। কৃষি, পৌরসভা ও শিল্প উৎসের দূষণ এবং এখন প্লাস্টিক দূষণের দিকেও আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ এটি ডলফিন এবং তাদের শিকার উভয়কেই প্রভাবিত করে।”
ভুলানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন জীবন-জীবিকার তাগিদে নদীর ওপর নির্ভরশীল মানুষের সক্রিয় অংশগ্রহণ।
“যেকোনো সংরক্ষণ উদ্যোগের সাফল্যের জন্য স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ,” বলেন খান।
“বছরের পর বছর ধরে আমরা দেখেছি, জেলেরা তাদের পূর্বপূরুষের পেশা ছেড়ে অন্যান্য পেশায় চলে গেছেন। জীবিকা নির্বাহে জেলেদের মাছ ধরার জায়গাটি যা একটি টেকসই প্রতিবেশের অংশ ছিলো, সেটি দখলে নিয়েছে বাণিজ্যিক মাছ ধরার প্রবণতা। নতুন এই সংরক্ষিত এলাকাটি স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে টেকসই মাছ ধরাকে উৎসাহিত করতে চায়।”

আয়েশার মতে, পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নদীর ওপর নির্ভরশীল জেলে ও স্থানীয় মানুষদের সম্পৃক্ত করে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন করা। এক্ষেত্রে নদীর ডলফিন সংরক্ষণের আন্তর্জাতিক মানদণ্ড কাঠামো, কনজারভেশন অ্যাসিওর্ড | রিভার ডলফিন স্ট্যান্ডার্ডস (CA|RDS)-এর মতো রূপরেখা অনুসরণ করা যেতে পারে। যে নদীতে মানুষ, মাছ, সেচ, জীবিকা এবং বন্যপ্রাণী সবই একই ব্যবস্থার ওপর নির্ভরশীল, সেখানে কেবল আইন প্রয়োগের ওপর নির্ভর করা কখনোই যথেষ্ট নয়।
পঞ্চনদীতে সিন্ধু নদীর ডলফিন অভয়ারণ্য প্রতিষ্ঠা নিঃসন্দেহে ঐতিহাসিক অর্জন। প্রাদেশিক বন্যপ্রাণী দপ্তরগুলো, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং WWF-পাকিস্তানের মতো সংস্থার কয়েক দশকের সমন্বিত প্রচেষ্টারই ফসল এটি। তবে বিশেষজ্ঞরা মনে করেন, কেবল ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না।
“এই উদ্যোগটি প্রশংসনীয় একটি অগ্রগতি এবং এটি এই প্রজাতিটিকে রক্ষা করতে সহায়তা করবে,” বলেন খান। “সুতরাং এই প্রজাতি রক্ষার দায়িত্ব এখন আমাদের।”
ব্যানার ছবি: সিন্ধু নদের ডলফিন। ছবি: Wikimedia Commons (Public domain).
নিবন্ধটি প্রথম প্রকাশিত হয় মঙ্গাবে গ্লোবাল-এ ২০২৬ এর ২৪ সেপ্টেম্বর।
সাইটেশন:
Aisha, H., Khan, U., Arshad, M., Noureen, U., Akram, U., Mahar, J., … & Braulik, G. (2025). Abundance of the endangered Indus River dolphin Platanista minor. Endangered Species Research, 58, 315-329. https://doi.org/10.3354/esr01453