- সরকারি হিসাবে ২০২২–২৩ থেকে ২০২৪–২৫ অর্থবছরে ইলিশ উৎপাদন ১২ দশমিক ৪ শতাংশ কমেছে; সাগরে কমেছে বেশি।
- গবেষকরা বলছেন, পদ্মা ও মেঘনায় কমেছে দ্রবীভূত অক্সিজেন; ঢাকার আশপাশের নদীর দূষণ ভাটির দিকে ছড়িয়ে পড়ার প্রমাণও পাওয়া গেছে।
- ইলিশে শনাক্ত হয়েছে মাইক্রোপ্লাস্টিক ও ভারী ধাতু। তবে এসব দূষক মাছটির সামগ্রিক মজুত কমিয়েছে—এমন সম্পর্ক গবেষণায় প্রতিষ্ঠিত হয়নি।
- দূষণ, তাপমাত্রা, পলি, প্রবাহ ও মাছ ধরার চাপ—একাধিক কারণ একসঙ্গে কাজ করতে পারে বলে মনে করেন গবেষকরা।
পটুয়াখালীর মহিপুরের জেলে এবাদুল কাজী ২২–২৩ বছর ধরে সাগরে মাছ ধরেন। তবে এবারের মতো এত কম ইলিশ তিনি আগে কখনো পাননি।
বাংলাদেশের দক্ষিণ উপকূলের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর দেশের অন্যতম বড় মৎস্যবন্দর। সেখান থেকেই সাগরে মাছ ধরতে যান কাজী। গত চার মাসে ২৫ দিন সাগরে ছিলেন তিনি। তারপরও গত বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম মাছ বিক্রি করেছেন তিনি।
“এ বছর আমি ৩৫ লাখ টাকার মাছ বিক্রি করেছি। গত বছর করেছিলাম ৭৫ লাখ টাকার,” কাজী বলেন। “২২–২৩ বছর ধরে মাছ ধরছি। এত কম ইলিশ আগে কখনো পাইনি।”
শুধু মহিপুরেই নয়, ইলিশ কমে আসার একই ছবি দেখা যাচ্ছে চাঁদপুরেও। ঢাকা থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই নদীবন্দর বাংলাদেশের ‘ইলিশের রাজধানী’ হিসেবে পরিচিত। তিন বছর আগেও ইলিশ ধরার মৌসুমে এখানকার সবচেয়ে বড় পাইকারি বাজারে প্রতিদিন প্রায় ২ হাজার মণ বা ৭৪ টন ইলিশ আসতো। এ বছর সবচেয়ে ব্যস্ত দিনেও এসেছে প্রায় ২৫০ মণ বা ৯ টন। গত বছর দৈনিক গড় ছিল প্রায় ৪০০ মণ।
চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদ্দার বলেন, “৩০ বছর ধরে এই ব্যবসায় আছি। ইলিশের সরবরাহ এত কম কখনো দেখিনি।”
তবে বাজারে ইলিশ কমে যাওয়ার অর্থ এই নয় যে, নদী-সাগরেও একই হারে ইলিশ কমেছে। বাজারের সরবরাহ দিয়ে মাছের প্রকৃত প্রাচুর্য বৈজ্ঞানিকভাবে মাপা যায় না। আবহাওয়া, মাছের দাম, জেলেরা কতটা মাছ ধরছেন এবং পরিবহনব্যবস্থা—সবকিছুই সরবরাহে প্রভাব ফেলে।
সরকারি পরিসংখ্যানেও ইলিশ উৎপাদন কমার চিত্র দেখা যাচ্ছে। ২০২২–২৩ সালে বাংলাদেশে রেকর্ড ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন ইলিশ উৎপাদিত হয়েছিল। পরের বছর তা কমে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টনে দাঁড়ায়। ২০২৪–২৫ সালে আরও কমে হয় ৫ লাখ ২৮৮ টন। দুই বছরে উৎপাদন কমেছে ৭১ হাজার ৫৪ টন বা ১২ দশমিক ৪ শতাংশ।
এই পতনের বড় অংশ ঘটেছে সাগরে। ২০২১–২২ সালে সামুদ্রিক এলাকায় ইলিশ উৎপাদন ছিল প্রায় ৩ লাখ ২২ হাজার টন। ২০২৪–২৫ সালে তা নেমে আসে প্রায় ২ লাখ ৫১ হাজার টনে। বিপরীতে একই সময়ে অভ্যন্তরীণ জলাশয়ে উৎপাদন প্রায় ২ লাখ ৪৫ হাজার টন থেকে বেড়ে প্রায় ২ লাখ ৪৯ হাজার টন হয়েছে।
ইলিশ কমে যাওয়ার এই প্রবণতা কি সাময়িক—আবহাওয়া, মাছ ধরার ধরন ও দুর্বল নজরদারির ফল? নাকি এর পেছনে রয়েছে বাংলাদেশের নদী, মোহনা ও উপকূলীয় প্রতিবেশের দীর্ঘমেয়াদি অবনতি?
নদী-সাগর—দুটিই যার ঘর
ইলিশের বৈজ্ঞানিক নাম Tenualosa ilisha। জীবনের বড় একটি সময় সাগরে কাটালেও প্রজননের জন্য মাছটি নদী ও মোহনায় উঠে আসে। তাই সাগর, মোহনা, নদীতে চলাচলের পথ, প্রজননক্ষেত্র ও পোনা বেড়ে ওঠার জায়গা—সবই এর জীবনচক্রের সঙ্গে যুক্ত।
২০২৫ সালে Aquaculture, Fish and Fisheries সাময়িকীতে প্রকাশিত একটি পর্যালোচনায় ৭৩টি মাঠভিত্তিক গবেষণার ফল বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, পানির তাপমাত্রা, অক্সিজেন, লবণাক্ততা, স্রোত, গভীরতা ও বৃষ্টিপাত ইলিশের অভিবাসন ও প্রজননে ভূমিকা রাখে। অতিরিক্ত মাছ ধরা, <পলি জমা, নদীর নাব্যতা কমে যাওয়া এবং অবকাঠামোর প্রভাবও রয়েছে এতে।

দূষণ এগোচ্ছে ভাটির দিকে
চাঁদপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদীকেন্দ্রের কাছে ইলিশের আবাসস্থলের পানির মান নিয়ে দীর্ঘমেয়াদি কিছু তথ্য আছে। প্রতিষ্ঠানটি বহু বছর ধরে এসব এলাকার পানির মান পর্যবেক্ষণ করছে।
তাদের তথ্য অনুযায়ী, পদ্মায় পানিতে দ্রবীভূত অক্সিজেনের গড় মাত্রা ২০১৮ সালে প্রতি লিটারে ৮ দশমিক ৭০ মিলিগ্রাম ছিল। ২০২২ সালে তা কমে ৫ দশমিক ৪১ মিলিগ্রামে নেমেছে। মেঘনায় একই সময়ে তা ৮ দশমিক ৪০ থেকে কমে ৬ দশমিক ৮৪ মিলিগ্রাম হয়েছে।
মাছের শ্বাস নেওয়া, খাদ্য গ্রহণ ও বেঁচে থাকার জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন জরুরি। সাধারণভাবে প্রতি লিটারে পাঁচ মিলিগ্রামের কম অক্সিজেন জলজ প্রতিবেশের জন্য কম উপযোগী বলে বিবেচিত হয়। ২০২২ সালে পদ্মার গড় মাত্রা ছিল এই সীমার সামান্য ওপরে।
উজানে, বিশেষ করে ঢাকার আশপাশের নদীগুলোতে, পরিস্থিতি আরও উদ্বেগজনক। ২০২২ সালে Frontiers in Public Health সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায়, ঢাকার আশপাশের বিভিন্ন দূষণ নির্গমনস্থলের পানি পরীক্ষা করা হয়। বুড়িগঙ্গার কিছু সংযোগস্থলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে শূন্য দশমিক ০৪ মিলিগ্রাম পর্যন্ত নেমে যেতে দেখা যায়। ধলেশ্বরীর সংযোগস্থলে সর্বনিম্ন মাত্রা ছিল শূন্য দশমিক ০৭ মিলিগ্রাম। একই জায়গাগুলোতে অ্যামোনিয়াক্যাল নাইট্রোজেনের মাত্রা প্রতি লিটারে যথাক্রমে ১০৩ দশমিক ৮ ও ৯৮ মিলিগ্রাম পর্যন্ত পাওয়া যায়।
তবে এই সংখ্যাগুলো পুরো বুড়িগঙ্গা বা ধলেশ্বরীর পানির গড় চিত্র নয়। নমুনাগুলো নেওয়া হয়েছিল দূষিত পানি নদীতে পড়ার সংযোগস্থল থেকে। তারপরও নদীতে কী ধরনের দূষণের চাপ পড়ছে, তা বোঝার জন্য তথ্যটি গুরুত্বপূর্ণ।
চাঁদপুরের নদীকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তাইয়েফা আহমেদের আশঙ্কা, ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ আর শুধু ঢাকার মধ্যেই আটকে থাকছে না; তা ভাটির দিকে এগোচ্ছে। তিনি বলেন, দুই বছর আগে করা গবেষণায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর দূষণ উজানের মেঘনায় ষাটনল পর্যন্ত ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। সেখানে অ্যামোনিয়ার মাত্রা বেশি ছিলো।
ইলিশের জন্য ষাটনলের অবস্থান গুরুত্বপূর্ণ। এখান থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার প্রায় ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ও পোনা বেড়ে ওঠার এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ দূষণ ষাটনলে পৌঁছানো মানে তা ইলিশের সুরক্ষিত চলাচল ও পোনা বেড়ে ওঠার এলাকার প্রবেশমুখে পৌঁছানো।
“বর্তমান হারে চলতে থাকলে দূষণ ধীরে ধীরে চাঁদপুর পর্যন্ত পৌঁছাতে পারে,” বলেন তাইয়েফা আহমেদ।
চাঁদপুরে এক হয়েছে পদ্মা ও মেঘনা নদী । দূষণ এই মিলনস্থলে পৌঁছালে অক্সিজেন কমিয়ে দেওয়া বর্জ্য ও অ্যামোনিয়া ইলিশের অভিবাসনের পথকে কম উপযোগী করে তুলতে পারে। সেখান থেকে ভাটির মেঘনায় ইলিশ অভয়াশ্রমেও যেতে পারে এই দূষণ। তবে দূষণের কারণে ইলিশের সামগ্রিক মজুত কমছে কি না, তা গবেষণায় এখনো প্রতিষ্ঠিত হয়নি।
বাংলাদেশের ইলিশ গবেষক অধ্যাপক আবদুল ওয়াহাব বলেন, দূষণ বাড়লে পানির রং ও গন্ধ বদলাতে পারে, বাড়তে পারে হাইড্রোজেন সালফাইড এবং কমে যেতে পারে অক্সিজেন। তাঁর মতে, ইলিশের কয়েকটি আবাসস্থলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের কম মাত্রা রেকর্ড করা হচ্ছে।
শুধু দূষণ নয়, পানির তাপমাত্রাও ইলিশের ওপর চাপ তৈরি করতে পারে। পদ্মার পর্যবেক্ষণস্থলগুলোতে পানির তাপমাত্রা ২০১৮ সালে ছিলো প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে তা প্রায় ৩০ ডিগ্রিতে ওঠে। মেঘনায় একই প্রবণতা দেখা যায়নি; সেখানে তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি থেকে সামান্য কমে প্রায় ২৭ ডিগ্রি হয়েছে। দুই নদীর এই ভিন্নতা থাকায়, প্রতিটি নদী ও নির্দিষ্ট স্থান ধরে পর্যবেক্ষণ করা জরুরি।

ইলিশে দূষণের প্রভাব কতটা?
ইলিশ দূষণের সংস্পর্শে আসছে, এমন প্রমাণও রয়েছে। ২০২২ সালে Marine Pollution Bulletin সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করা প্রতিটি ইলিশের নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। প্রতি মাছে গড়ে ছিল ১৯ দশমিক ১৩টি কণা। তবে গবেষণাটি মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে জাতীয় পর্যায়ে ইলিশের মজুত কমার সম্পর্ক প্রমাণ করেনি।
২০২৩ সালে Scientific Reports-এ প্রকাশিত আরেক গবেষণায় হাতিয়ার কাছে সংগ্রহ করা ৩২টি ইলিশে সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও পারদ শনাক্ত করা হয়। এসব মাছ খাওয়ার কারণে ভোক্তার উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি পাওয়া যায়নি। তবে দূষক ইলিশের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করছে, তা গবেষণায় দেখা গেছে।
সংকুচিত হচ্ছে ইলেশের পথ
পলি জমে চর তৈরি হলে নদীর চ্যানেল অগভীর হয়, সংকুচিত হতে পারে মাছের চলাচলের পথও। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের একটি গবেষণায় ইলিশের বিভিন্ন আবাসস্থলের মধ্যে পার্থক্য পাওয়া গেছে।
কলাপাড়ার আন্ধারমানিক নদীতে প্রতি লিটার পানিতে প্ল্যাঙ্কটনের গড় ঘনত্ব ছিল ৪ হাজার ২০টি কোষ। চাঁদপুরের কাছে তা ছিল ৩৬ হাজার ৯৯৬টি। গবেষকরা ভাটির মেঘনা, তেঁতুলিয়া ও আন্ধারমানিক নদীতে চর শনাক্ত করেন। তাঁদের আশঙ্কা, এসব চর ইলিশের চলাচল, প্রজনন ও খাদ্য গ্রহণে বাধা তৈরি করতে পারে।
সব ইলিশকে একই গোষ্ঠীর অন্তরর্ভুক্ত হিসেবে দেখা যাবেনা। ২০২০ সালে Genes সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় ৩০০টি ইলিশ পরীক্ষা করে সামুদ্রিক বা মোহনার ইলিশের সঙ্গে নদীর ইলিশের পার্থক্য পাওয়া যায়। ফলে পরিবেশের পরিবর্তন সব ইলিশকে একইভাবে প্রভাবিত না-ও করতে পারে।
বিদ্যুৎকেন্দ্রের প্রভাব বুঝতে চাই স্থানীয় প্রমাণ
বাংলাদেশের দক্ষিণ উপকূলে দুই ইউনিটের ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ২০২০ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের ভাষ্য, গরম পানি নির্গমন কমাতে সেখানে বিশেষ শীতলীকরণব্যবস্থা ব্যবহার করা হয়।
তবে সম্ভাব্য প্রভাব শুধু গরম পানিতে সীমাবদ্ধ নয়। পানি গ্রহণ, বর্জ্যপানি, ছাই, কয়লা সংরক্ষণ, বৃষ্টির পানির সঙ্গে দূষক ছড়িয়ে পড়া, খনন ও নৌযান চলাচলের প্রভাবও পর্যবেক্ষণ করা প্রয়োজন।
২০২৫ সালের একটি গবেষণায় পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৯ কিলোমিটারের মধ্যে পানির তাপমাত্রা, ধাতুর উপস্থিতি ও স্থানীয় মাছের উৎপাদন নিয়ে তথ্য দেওয়া হয়েছে। গবেষণায় কেন্দ্র চালুর আগের তুলনায় পানির তাপমাত্রা সর্বোচ্চ ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং তিন বছরে স্থানীয় মাছের উৎপাদন ৪৫ শতাংশ কমার কথা বলা হয়। তবে গবেষণাটি প্রমাণ করেনি যে বিদ্যুৎকেন্দ্রের কারণেই মাছের উৎপাদন কমেছে। গবেষণাটিতে মাছ ধরার চাপ, জোয়ার-ভাটা, লবণাক্ততা,নদীর প্রবাহ, পলি জমা ও আশপাশের অন্য শিল্পের প্রভাব আলাদা করে দেখা হয়নি।
তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে আশপাশের পানির তাপমাত্রা বদলাতে পারে। বিশ্বে এর উদাহরণও আছে। চীনের দয়া বে অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ২০২৩ সালে করা গবেষণায় উষ্ণ পানির প্রবাহ ও মাছের ডিমের ওপর সম্ভাব্য প্রভাব পরীক্ষা করা হয়। সেখানে কেন্দ্রটির উষ্ণ পানি নির্গমনের আশপাশের কিছু এলাকায় তাপমাত্রা বেড়েছিল। গবেষণাটি ইলিশ নিয়ে না হলেও স্থানীয় জলজ পরিবেশে বিদ্যুৎকেন্দ্রের প্রভাব কীভাবে পর্যবেক্ষণ করা যায়, তার একটি উদাহরণ।

ইলিশ কি পথ বদলাচ্ছে?
পানির পরিবেশ খারাপ হলে ইলিশ শুধু কমে যাবে—এমন নয়; মাছটি চলাচলের পথও বদলে ফেলতে পারে বলে মনে করেন অধ্যাপক আবদুল ওয়াহাব। তাঁর মতে, ইলিশ পূর্ব দিকে সরে গেলে মিয়ানমারের ইরাবতী নদীর দিকে যেতে পারে। পশ্চিম দিকে সরে গেলে যেতে পারে ভারতের হুগলি নদীর দিকে।
তবে বাংলাদেশের জলসীমা থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইলিশ সত্যিই অন্যদিকে সরে যাচ্ছে কি না, তা এখনো জানা নেই। বিষয়টি নিয়ে অনুসন্ধান প্রয়োজন বলে মনে করেন ওয়াহাব।
মহিপুরের জেলে এবাদুল কাজীর কাছে সংকটের হিসাব সরল—গত বছরের তুলনায় এবার তাঁর মাছ বিক্রি হয়েছে অর্ধেকেরও কম। বিজ্ঞানীদের কাছে ছবিটি আরও জটিল। ইলিশ কমে যাওয়ার প্রবণতা শুধু একটি মাছের সংকট নয়; এটি নদী, মোহনা ও সাগর নিয়ে গড়ে ওঠা বাংলাদেশের বদ্বীপের স্বাস্থ্যেরও সতর্কসংকেত।
দূষণ, পানির তাপমাত্রা বৃদ্ধি, পলি জমা, মিঠাপানির প্রবাহে পরিবর্তন, অবকাঠামো ও মাছ ধরার পদ্ধতি—সবগুলো কারণ একই সময়ে কাজ করতে পারে। এখন পর্যন্ত পাওয়া গবেষণা শুধু দূষণকে, কিংবা কোনো একটি বিদ্যুৎকেন্দ্রকে, ইলিশ কমার একক কারণ হিসেবে চিহ্নিত করার সুযোগ দেয় না।
ব্যানার ছবি: চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে নদী থেকে ফিরে আসা ট্রলারে জেলেদের সংগৃহিত ইলিশ। ছবি: মুহাম্মদ মোস্তাফিজুর রহমান
সাইটেশন:
Alam, M.M., Haque, M.M., Santi, M., Rahman, M.A., Hasan, N.A. and Mahalder, B. (2025), Current Status of Hilsa (Tenualosa ilisha) Fisheries in Bangladesh and Implications for Future Research and Development. Aqua. Fish & Fisheries, 5: e70040. https://doi.org/10.1002/aff2.70040
Asaduzzaman, M., Hayder, M. A., Hosen, M. R., Rahman, S., Sifa, N. J., Rahman, M., & Alam, M. K. (2025). Environmental and Socio-Economic Impacts of Coal-Fired Payra Thermal Power Plant. Bangladesh Journal of Physics, 32(1), 1-12. https://doi.org/10.3329/bjphy.v32i1.82343
Asaduzzaman, M., Igarashi, Y., Wahab, M. A., Nahiduzzaman, M., Rahman, M. J., Phillips, M. J., Huang, S., Asakawa, S., Rahman, M. M., & Wong, L. L. (2020). Population Genomics of an Anadromous Hilsa Shad Tenualosa ilisha Species across Its Diverse Migratory Habitats: Discrimination by Fine-Scale Local Adaptation. Genes, 11(1), 46. https://doi.org/10.3390/genes11010046
Majed N and Islam MAS (2022) Contaminant Discharge From Outfalls and Subsequent Aquatic Ecological Risks in the River Systems in Dhaka City: Extent of Waste Load Contribution in Pollution. Front. Public Health 10:880399. doi:a href=”https://doi.org/10.3389/fpubh.2022.880399″>https://doi.org/10.3389/fpubh.2022.880399
Parvin, A., Hossain, M.K., Parvin, A. et al. Trace metals in transboundary (India–Myanmar–Bangladesh) anadromous fish Tenualosa ilisha and its consequences on human health. Sci Rep 13, 19978 (2023). https://doi.org/10.1038/s41598-023-47142-4
Siddique, M. A. M., Uddin, A., Rahman, S. M. A., Rahman, M., Islam, M. S. and Kibria, G. (2022). Microplastics in an anadromous national fish, Hilsa shad Tenualosa ilisha from the Bay of Bengal, Bangladesh. Marine Pollution Bulletin, Volume 174. https://doi.org/10.1016/j.marpolbul.2021.113236
Tan Z, Wu F, Rao Y, Pan C, Hou G and Huang H (2023) Spatial and temporal distribution of fish egg communities in the adjacent waters of Daya Bay nuclear power plant and their relationship with environmental factors. Front. Mar. Sci. 10:1182213. doi: https://doi.org/10.3389/fmars.2023.1182213
নিবন্ধটি নিয়ে আপনার মতামত জানাতে পারেন এই ফর্মে।