- পরিবেশবান্ধব পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় হলেও, ক্ষতিকর প্লাস্টিক বস্তার আগ্রাসন ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটি।
- পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী, ১৯টি নিত্য পণ্যের সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। তবে আইনটির প্রয়োগ না থাকায় পাট শিল্পকে সুরক্ষা দিতে পারছেনা এটি।
- ভোক্তাদের দোরগোড়ায় সহজে সস্তা প্লাস্টিকের বস্তা পৌঁছে দেয় ব্যবসায়ীরা। অথচ ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিয়েছে সরকার । পাটের বস্তা ও ব্যাগ তৈরি হতো এসব কলে।
- এদিকে পাটের বস্তা ব্যবহার করে খরচ কমানোর দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের একটি চালকল। তবে পাটের বস্কার ব্যবহার বাড়াতে কার্যকর কৌশল এখনো গড়ে তুলতে পারেনি সরকার।
পরিবেশবান্ধব প্রাকৃতিক আঁশ, পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। তা সত্ত্বেও প্লাস্টিক মোড়ক এবং কৃত্রিম তন্তুর বিস্তার ঠেকাতে কয়েক দশক ধরেই লড়তে হচ্ছে বাংলাদেশেকে।
পাট খাতকে সুরক্ষা দিতে চাল, গম ও সারসহ ১৯টি নিত্য পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করে, ১৬ বছর আগে একটি আইন প্রণয়ন করে সরকার।
তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। একদিকে পণ্যের মোড়ক হিসেবে প্লাস্টিক ও কৃত্রিম তন্তুর দাপট কমেনি, অন্যদিকে এসব পলিথিন বর্জ্য অপসারণ করতে গিয়ে তৈরি হচ্ছে মারাত্মক পরিবেশগত সংকট।
শেরপুর জেলার সরকারি পাট কর্মকর্তা নাজমুল হক মঙ্গাবে-কে জানান, সখিনা রাইস মিল নামের একটি ছোট আংশিক স্বয়ংক্রিয় চালকল শুরু থেকেই পাটের বস্তা ব্যবহার করে আসছে। স্থাপন করেছে ইতিবাচক দৃষ্টান্ত। চালকল মালিকদের মধ্যে ধারণা, পাটের বস্তা ব্যবহার করলে লাভ কমে যায়। সখিনা রাইস মিল এই ধারণা ভুল প্রমাণ করেছে।
“একটি ৫০ কেজি (১১০ পাউন্ড) ধারণক্ষমতার কৃত্রিম বা প্লাস্টিকের ব্যাগের দাম ২০ টাকা (১৬ সেন্ট), যেখানে একটি পাটের বস্তার দাম পড়ে ৮০ টাকা (৬৫ সেন্ট)। এই ব্যাগ একবারের বেশি ব্যবহার করা যায় না। অন্যদিকে একটি পাটের বস্তা আমরা ধান বা চাল বহনের কাজে অন্তত ৩ বার ব্যবহার করতে পারি। এরপর ছিঁড়ে গেলে তা সেলাই করে চালের কুঁড়া বহনের কাজে আরও ৩ বার ব্যবহার করা যায়,” মঙ্গাবে-কে বলেন সখিনা রাইস মিলের অন্যতম স্বত্বাধিকারী মো. হামেজ উদ্দিন।
“কৃত্রিম তন্তুর ব্যাগের চেয়ে, পাটের বস্তা অর্থনৈতিকভাবে বেশি সাশ্রয়ী ও টেকসই। সবারই পাটের বস্তা ব্যবহার করা উচিত। সরকার পাটের ব্যাগের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারলে আমরা পলিথিন ব্যাগের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে পারবো,” বলেন তিনি।

সখিনা রাইস মিল এমন প্রশংসনীয় উদ্যোগ নিলেও খোদ শেরপুর জেলার চালকলগুলোতেই পাটের বস্তার ব্যবহার বন্ধ করতে পারেনি সরকার।
“আমাদের বছরে প্রায় ৫০,০০০ পাটের বস্তার চাহিদা আছে। দুর্ভাগ্যবশত আমরা বস্তা ও ব্যাগের পর্যাপ্ত সরবরাহ পাই না। শেরপুরে প্রায় ১০০ জন বিক্রেতা রয়েছেন, তবে চাহিদা অনুযায়ী বস্তা সরবরাহের দিতে পারেন না তারা ।
“কখনও কখনও আমাদের বাড়তি দাম দিয়ে পাটের বস্তা ও ব্যাগ কিনতে হয়। বাজারে পাটের বস্তা পাওয়া না গেলে ,কোনো কোনো ক্ষেত্রে আমরা প্লাস্টিকের বস্তা ব্যবহার করতে বাধ্য হই,” জানান হামেজ উদ্দিন।
বাংলাদেশে প্রায় ৫,০০০ পূর্ণ স্বয়ংক্রিয় চালকল এবং কয়েক হাজার আংশিক সয়ংক্রিয় চাল প্রক্রিয়াজাতকরণ মিল রয়েছে। এগুলোর বেশিরভাগ কলেই চাল ও ধান ভরতে ব্যবহার করা হয় পলিথিনের বস্তা।
উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁর একটি স্বয়ংক্রিয় চালকলের (Automatic Rice Mill) স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ। তিনি মঙ্গাবে-কে বলেন, “সরবরাহকারীরা কারখানায় এসেই পলিথিন ব্যাগ পৌঁছে দিয়ে যায়। অথচ পাটের বস্তা সংগ্রহ করতে হলে নিজ উদ্যোগ ও খরচে বাজার থেকে কিনে আনতে হয় মালিকদের। আবার কখনও কখনও বাজারে পাটের বস্তা পাওয়াই যায় না।”
“সরকার বাজারে পাটের ব্যাগের সরবরাহ নিশ্চিত করতে পারছে না, অথচ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। জরিমানাও করছে আমাদের। এটি কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়,” অভিযোগ করেন তিনি।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী, ১৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। এই তালিকায় রয়েছে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, ধনিয়া, আলু, আটা-ময়দা, আদা, রসুন, পেঁয়াজ, ডাল, চালের কুঁড়া, ভুসি, পোল্ট্রি ফিড এবং ফিশ ফিড।

আইন প্রয়োগেও বাড়ছেনা পাটের ব্যবহার
উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার গ্রীষ্মমণ্ডলীয় দেশ বাংলাদেশ। উচ্চমানের পাটের জন্য সুপরিচিত এটি। এখানে এই প্রাকৃতিক তন্তু পরিচিত “সোনালী আঁশ” নামে।
পাট অধিদপ্তর-এর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে ৮০ লাখ বেলের (১৪ লাখ ৪০ হাজার টন) বেশি পাট উৎপাদিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদনের পরিমাণ ছিল ৭৫ লাখ বেলেরও (১৩ লাখ ৫০ হাজার টন) বেশি। আর ওই অর্থবছরে দেশে পাটের বার্ষিক অভ্যন্তরীণ চাহিদা দাঁড়িয়েছিল প্রায় ৫৪ লাখ বেল (৯ লাখ ৭২ হাজার টন)।
বাংলাদেশে প্রায় ৩০ লাখ কৃষক পরিবার পাট চাষের সঙ্গে সরাসরি জড়িত। পাট অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরে কাঁচাপাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে ৮২০ মিলিয়ন ডলারের বেশি আয় করে বাংলাদেশ।
পাট অধিদপ্তরের তৎকালীন পরিসংখ্যান কর্মকর্তা জিয়াউর রহমান খান। তিনি মঙ্গাবে-কে জানান, ২০২৩ সালের এক জরিপ অনুযায়ী দেশে বিভিন্ন ধরনের পাটের বস্তা ও ব্যাগের বার্ষিক অভ্যন্তরীণ চাহিদা ছিল কমপক্ষে ১২০ কোটি (১,২০০ মিলিয়ন)।

বড় পাটকলগুলো বন্ধ, তবু চলছে অভিযান
গত ১৫ জুলাই জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা থেকে নির্বাচিত বিরোধীদলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাত জানান, পাটের মোড়ক ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও তৃণমূল পর্যায়ে অবাধে চলছে প্লাস্টিক ও পলিথিনের বস্তার ব্যবহার।
তিনি আরও বলেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত সিন্ডিকেটের কাছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কার্যত জিম্মি হয়ে পড়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সংসদে জানান, মোড়ক হিসেবে পাটের ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সরকার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সরকার ১,০৯৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১,৩৯৯টি মামলা হয়, উল্লেখ করেন মন্ত্রী।
মুক্তাদির জানান, ২০২০ সালে তৎকালীন সরকার বাংলাদেশ পাটকল করপোরেশন (BJMC)-এর অধীন রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের উৎপাদন বন্ধ করে দেয়।
তিনি আরও জানান, বন্ধ হয়ে যাওয়া কলগুলোর মধ্যে ১৪টি বেসরকারি খাতে ইজারা দেওয়া হয়েছে এবং এরইমধ্যে উৎপাদনে ফিরেছে ৯টি মিল। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাকি মিলগুলোও আবার চালু করা সম্ভব হবে বলে আশাবাদী সরকার।
পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বসির মঙ্গাবে-কে জানান, লাখ লাখ পাটচাষির স্বার্থ সুরক্ষায় সরকার পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ।
“পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এর মূল উদ্দেশ্য হলো মোড়ক হিসেবে প্লাস্টিক ব্যাগের বেআইনি ব্যবহার বন্ধ এবং পরিবেশবান্ধব পাটের চাহিদা তৈরি করা,” বলেন তিনি।


“ব্যবহারকারীরা যদি পাটের তৈরি মোড়ক ব্যবহার না করেন, তবে পাটের চাহিদা কমে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা এবং তারা অন্য ফসল চাষের দিকে ঝুঁকে পড়বেন। আর এটি শেষ পর্যন্ত প্লাস্টিক ও কৃত্রিম তন্তুর ব্যবহারকেই উৎসাহিত করবে,” বলেন বসির।
তবে দেশের বিভিন্ন প্রান্তে পাটের বস্তা ও ব্যাগের ঘাটতির কথা অকপটেই স্বীকার করেন বসির।
তিনি জানান, বর্তমানে দেশে বেসরকারি খাতে ১৯৩টি পাটকল চালু রয়েছে।
“মিল মালিকরা আমাদের জানান, বাজারে পর্যাপ্ত চাহিদা থাকলেই কেবল তারা পাটের বস্তা তৈরি করবেন। অন্যদিকে ব্যবহারকারীরা চান, আমরা যেন পাটের বস্তা ও ব্যাগের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করি। তবে বেসরকারি প্রতিষ্ঠানকে পাটের বস্তা তৈরি করতে বাধ্য করতে পারি না আমরা,” উল্লেখ করেন বসির।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)-এর সাবেক নির্বাহী চেয়ারম্যান এম. ওয়াইজ কবির মঙ্গাবে-কে বলেন, “আইন করে পাটকে টিকিয়ে রাখার চেষ্টা আসলে একটি ভুল পন্থা। মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার শেষ পর্যন্ত কার্যকর হবে না; প্রকৃতপক্ষে গত ১৬ বছরেও এটি কাজ করেনি।”
তিনি জানান, মূলত ২টি কারণে প্লাস্টিক ও কৃত্রিম তন্তু পাটের স্থান দখল করে নিয়েছে: কম দাম এবং সহজলভ্যতা।
“রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর অদক্ষতা এবং সেগুলোতে অপব্যবহার, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণেই মূলত পাটের বস্তা ও ব্যাগের দাম বেড়ে গিয়েছিলো। তাছাড়া রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিপণন পদ্ধতিতেও গলদ রয়েছে,” বলেন তিনি।
“উন্নত ব্যবস্থাপনার লক্ষ্যে কারখানাগুলো বেসরকারিকরণ করা হয়েছে। এখন সেগুলো কম খরচে পাটের বস্তা ও ব্যাগ তৈরি করতে সক্ষম। বাজারে চাহিদা থাকলে তা নিশ্চিতভাবেই তাদের পাটের বস্তা ও ব্যাগ উৎপাদনে উৎসাহিত করবে,” মনে করেন কবির।
“এখন সরকারের উচিত নিজেদের ভূমিকাকে কেবল একটি সহায়ক ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির মধ্যে সীমাবদ্ধ রাখা। যাতে উদ্বুদ্ধকরণ ও কার্যকর প্রচারণার মাধ্যমে ব্যবহারকারীরা প্লাস্টিক ও কৃত্রিম তন্তুর বদলে পাট ব্যবহারে উৎসাহিত হন।”
ব্যানার ছবি: বগুড়ার একটি বাজারে পাটের বস্তাভর্তি পেঁয়াজ। ছবি: Flickr (CC BY-NC-SA 2.0)।
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে মঙ্গাবে গ্লোবাল-এ, ২০২৬ সালের ৬ আগস্ট।