- তিন দশকেরও বেশী সময় ধরে জলাবদ্ধতায় নাকাল যশোরের ভবদহ। চলতি বছর ডাকাতিয়া বিল এলাকায় তীব্র আকার ধারণ করে জলাবদ্ধতা।
- ভবদহ স্লুইস গেইটের উত্তর দিকের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছ চাষ করেন প্রভাবশালীরা। জলাশয়ে মাছ আটকে রাখতে বন্ধ করে দেয় খালের মুখ। ফলে বন্ধ হয় পানি সরে যাওয়ার পথ। এ বছরও এই এলাকার শতাধিক গ্রাম পানিবন্দী।
- জলাবদ্ধতা নিরসনে নদী খনন ও অবকাঠামোকেন্দ্রিক একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তবে খননের পর আবারও দুই-এক বছরের মধ্যেই জমা পড়ে পলি। কমে নাব্যতা।
- স্থানীয়দের দাবি, জোয়ারের নদীর সঙ্গে বিলের সংযোগ করে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করতে হবে। এর মাধ্যমে বিলে এসে জমা হবে পলি। ভরাট হতে বেঁচে যাবে নদিটি। কমবে জলাবদ্ধতা।
“আমার বাড়িতে এখনও হাঁটু পর্যন্ত পানি। এবার দুই ফুটেরও বেশী পানি জমেছিল বাড়ির উঠানে। ঘর প্রায় ছুঁই ছুঁই করছিল। তবে এখন একটু কমেছে। বছরে চার মাসই বাড়ির উঠানে পানি জমে থাকে। আর বৃষ্টি হলেতো কথাই নেই, বাড়তে থাকে পানিবন্দী হয়ে থাকার সময়। গত কয়েক বছর এই অবস্থা আমাদের।”
নিজের অসহায়ত্বের কথা এভাবেই জানাচ্ছিলেন সরখোলা গ্রামের মুরাদ সরদার। নওয়াপাড়া থেকে মশিহাটিগামী রাস্তায় চলছে তার নিজের ইজিবাইক (তিন চাকার ব্যাটারি চালিত ছোট গাড়ি)।
কিছুদূর এগিয়ে ডুমুরতলা। রাস্তা থেকে বাড়িতে পৌঁছানোর জন্য রয়েছে বাঁশের সাঁকো। ডুমুরতলার মতো আশেপাশের গ্রামগুলোতে জলাবদ্ধতার কারণে একই ব্যবস্থা। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেও লাগে বাঁশের সাঁকো। আরও খানিকটা এগুলে চোখে পড়ে রাস্তার ওপরই অস্থায়ী আবাস। বাড়িতে পানি উঠলে রাস্তার ওপর এভাবেই থাকতে হয় ভুক্তভোগীদের। ডুমুরতলার কুমুদবালা দেবী আক্ষেপ জানিয়ে বলেন, “কী আর করবো! কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের। তাই এই পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হচ্ছে।”

তিন দশকের জলাবদ্ধতা
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিস্তৃত ও সুপরিচিত এলাকা ভবদহ। বছরজুড়ে জলাবদ্ধ অবস্থার কারণেই এলাকাটি সবার নজরে আসে। ভবদহ কোনো নির্দিষ্ট গ্রাম বা শুধু যশোরের একক কোনো এলাকা নয়। এটি মূলত যশোর ও খুলনা জেলার কয়েকটি উপজেলা জুড়ে বিস্তৃত জলাভূমি অঞ্চল, যেটি স্থানীয়দের কাছে ভবদহ বিল।
এখানে প্রথম জলাবদ্ধতা দেখা দেয় ১৯৯৬ সালে। এলাকাটির দক্ষিণে ডাকাতিয়া বিল (২৫ নং পোল্ডার)। সে সময় জলাবদ্ধতা নিরসনে কে-জেডিআরপি (খুলনা-যশোর ড্রেনেজ রিহ্যাবিলিটেশন প্রজেক্ট) নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। এরপর থেকে ওই এলাকায় ভয়াবহ রূপ নেয় জলাবদ্ধতা ।
বিল এলাকা (নীচু এলাকা, শস্যক্ষেত) ছাপিয়ে স্থানীয়দের ঘর ও রাস্তাঘাটে ঢুকে পড়ে পানি। ২০০৬ সালে পুরো এলাকা পানিতে ডুবে যাওয়ায় বিপর্যয়ে পড়ে বাসিন্দারা। এরপর দুই-এক বছর পর পরই জলাবদ্ধতার সময়সীমা বাড়তে থাকে। ২০১৬ ও ২০২২ সালেও ভবদহ এলাকায় বিপর্যয় দেখা দেয়।
এ বছর ফেব্রুয়ারি ও মার্চে নদী খননের পরও ভবদহ এলাকার উত্তরাংশে জলাবদ্ধতা দেখা দেয়। একই অবস্থা দক্ষিণের বিল ডাকাতিয়া এলাকাতেও। প্রায় সব গ্রাম তলিয়ে গেছে পানিতে। ভেঙে পড়েছে স্বাভাবিক জীবন।
লোনা পানি ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা এবং কৃষি উৎপাদন বাড়াতে ১৯৬০ সালে কোস্টাল এমব্যাংকমেন্ট প্রকল্প (সিইপি) বাস্তবায়ন করা হয় এলাকাটিতে। এর মধ্যে নদীর দুই পাশে মাটির বাঁধ ও কিছু জায়গায় নদী সরু করে পানি নিয়ন্ত্রণের জন্য স্লুইস গেইট নির্মাণ এবং পানি বের করে দেওয়ার জন্য খাল খনন অন্যতম। এছাড়া টেকা-হরি-শ্রী নদীতে ২১ কপাটের একটি স্লুইস গেট তৈরি করা হয়। এই গেট দিয়ে নিষ্কাশন করা হয় এলাকার ২৬টি বিলের পানি ।
ভবদহ এলাকাটির আয়তন প্রায় ৮০ হাজার হেক্টর (১ হেক্টর=২.৪৮ একর)। এখানে যশোর সদরসহ, জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার ৪০টি ইউনিয়নের ৪৪৪টি গ্রামে ১০ লাখেরও বেশি মানুষের বাস। এছাড়াও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৪১টি গ্রামে প্রায় এক লাখ; এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার ২টি ইউনিয়নের ১০টি গ্রামে ১৭ হাজারের বেশি মানুষ বসবাস করছে। সব মিলিয়ে তিনটি জেলার ৬টি উপজেলার ৪৮টি ইউনিয়নে প্রায় ১১ লাখ মানুষের বাস। চলতি বছর এই এলাকার ১০০টিরও বেশী গ্রাম পানিবন্দী হয়ে পড়ে।
পলি জমে ভরাট হয় নদী
ভবদহের ৫টি নদী: টেকা-মুক্তেশ্বরী, হরি, আপার ভদ্রা, বুড়ি ভদ্রা এবং হরিহর। উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত এই নদীগুলোর মাধ্যমে ভবদহ এলাকার পানি নিষ্কাশন হয়। এলাকাটি গাঙ্গেয় বদ্বীপের ভাটির অংশ। এখানে গঙ্গা বাহিত পলি এবং অপরদিক থেকে সমুদ্রের জোয়ার-ভাটার পলি; এই দুই ধরনের পলি দিয়েই গঠিত এই এলাকার ভূমি।
ভূমিটি পশ্চিম থেকে পূর্বে এবং উত্তর থেকে দক্ষিণে ধীরে ধীরে ঢালু হয়ে নেমে গেছে। প্রতি ২০ কিলোমিটারে ভূমির ঢাল ১ মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এই অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা ২-৩ মিটার। তবে ১০-১২ শতাংশ ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত, যা বিল (নিম্নভূমি) নামে পরিচিত। যেখানে বছরের নির্দিষ্ট একটি সময়ে পানি জমে থাকে।
পোল্ডার ব্যবস্থার কারণে নদী ও প্লাবনভূমির (বিল) সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। উজানের নদীগুলোর সঙ্গে ভাটির নদীরও একই অবস্থা। ফলে একতরফা জোয়ারের চাপ বেড়েছে ভাটির নদীগুলোতে। আর জোয়ারে আসা পলি. বিলে পৌঁছাতে না পারায় নদীতেই জমা হয়ে যাচ্ছে।
কোস্টাল এমব্যাংকমেন্ট প্রকল্পের (সিইপি) আওতায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ৩৮টি পোল্ডার, ১৫৬৬ কিলোমিটার বাঁধ এবং ২৮২টি স্লুইস গেট নির্মাণ করা হয়। এর বাইরে টেকা-মুক্তেশ্বরী এবং হরি-শ্রী নদীর মুখ বন্ধ করে দেওয়া হয় বাঁধ ও স্লুইস গেট দিয়ে।
পোল্ডার ব্যবস্থার আগে নদীর জোয়ারের পানি বিলে এসে পড়তো। এ সময় চাষের আওতায় চলে আসে বেশিরভাগ বিল। মিঠা পানির জলাধারে পরিণত হয় বিলের গভীর অংশ। এতে জোয়ারের পানিতে আসা পলি জমা হতে থাকে নদীতে। এর ফলে নদীর তলদেশ উঁচু হয়ে যায়, অন্যদিকে বিলের তলদেশ থেকে যায় নিচু। সেখানে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

জলাবদ্ধতা এখানে নিরন্তর যুদ্ধ
তিন দশকেরও বেশি সময়ের জলাবদ্ধতা নষ্ট করেছে স্থানীয়দের স্বাভাবিক জীবন। ভোগান্তি থেকে মুক্তি পেতে রাস্তায় নামছে মানুষ। তবু মুক্তি নেই তাদের। জলাবদ্ধতা তীব্র হলে, কোনো কোনো জায়গায় পানি নামতে সময় লাগে তিন থেকে ছয় মাস। পানি নিষ্কাশন নিয়ে বিবাদ ও সংঘাতেও জড়িয়ে পড়ে এলাকাবাসী। জলাবদ্ধ এলাকায় মাছ চাষ নিয়েও দেখা যায় সংঘাত। যারা পানি নিষ্কাশনে বাধা দেয় তাদের সঙ্গেও চলে বাকবিতণ্ডা।
সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, এসব মাছ চাষীদের ‘মাফিয়া’ বলে উল্লেখ করেন। তাঁর মতে, এসব ধনী-প্রভাবশালী আধুনিক মাছ চাষীরাই জলাবদ্ধতা টিকিয়ে রাখছেন।
ভবদহ জলাবদ্ধতা নিষ্কাশন কমিটির সদস্য সচিব ও শিক্ষক চৈতন্য কুমার পাল বলেন, “দীর্ঘ জলাবদ্ধতা সবখানে নেতিবাচক প্রভাব ফেলছে। চাকুরিজীবীরা এলাকা ছেড়ে তাদের কর্মস্থলে গিয়ে বসবাস করছেন। একদল সামর্থ্যবান হিন্দু জনগোষ্ঠী দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। এখানে রয়ে গেছেন একেবারে অসহায় একটি গোষ্ঠী। যাদের সামর্থ আছে তারা চলে গেছেন শহরে। এখানকার ধনী পরিবারগুলোই মূলত নিয়ন্ত্রণ করছে জলাবদ্ধ ভূমি। এই মাছ চাষীরাই এখানকার সুবিধাভোগী। এরাই জলাবদ্ধতা দূর হোক, তা চায় না।”
নদী খননেও মিলছেনা কার্যকর সামাধান
ডুমুরতলা গ্রামের শিবপদ বিশ্বাসসহ আরো অনেকে মনে করেন, “জলাবদ্ধতা নিষ্কাশনে পানি উন্নয়ন বোর্ড নদী খনন করলেও এতে লাভ হয় না। নদী মরে যাওয়াই এলাকার মূল সমস্যা। পাউবো-এর পোল্ডার ব্যবস্থায় নদী মরেছে। খনন কাজ শেষ হতে না হতেই জোয়ারে আসা পলিতে আবারও নদী ভরাট হয়ে যায়। জলাবদ্ধতা নিরসন হয় না। প্রয়োজন নদীর সঙ্গে বিলের সংযোগ তৈরি বা টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন করা। যাতে নদীর পলি বিলে জমা হতে পারে। তবে পাউবো তা করতে চায় না।”
পাউবো যশোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীর দাবি “এবারের নদী খননের ফলাফল খুবই ভালো। ভবদহ স্লুইস গেইট দিয়ে দ্রুত হারে পানি কমছে। তবে খাল-নালার মুখে প্রতিবন্ধকতার কারণে উপরের কিছু গ্রামে পানি আটকে আছে। মূলত মাছ চাষীরা তাদের মাছ আটকে রাখার জন্যে খালের মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পানি ভবদহের স্লুইস গেইট পর্যন্ত পৌঁছাতে পারছে না।”

টিআরএম বাস্তবায়নে বাধা
১৯৯০ সালে বিল ডাকাতিয়ার চারটি অংশে বাঁধ কেটে নদীর সঙ্গে বিলের সংযোগ স্থাপন করে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হয়। স্থানীয়দের উদ্যোগেই হয় বাঁধ কাটার কাজটি। এরপর ১৯৯৭ সালের ২৯শে অক্টোবর, একইভাবে নদীর বাঁধ কেটে ভায়না বিলে জোয়ার-ভাটার প্রবাহ সচল করে এলাকাবাসী।
১৯৯৮ সালে, পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএস (সেন্টার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) এই বিষয়ে একটি সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষা প্রতিবেদনে জোয়ার-ভাটার কার্যক্রমকে ফলপ্রসূ বলে মত দেয় তারা। এলাকার জলাবদ্ধতা নিরসন কর্মসূচিতে এটি প্রয়োগের সুপারিশও করা হয় তখন। তাদের মতে, ‘জোয়ার-ভাটার কার্যক্রম অর্থনৈতিকভাবে লাভজনক, প্রযুক্তিগতভাবে সম্ভব, পরিবেশবান্ধব এবং জনগণের কাছে সামাজিকভাবে গ্রহণযোগ্য।’
২০০৭-০৮ সালে জলাবদ্ধতা দূর করতে আবারও একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করে সরকার। এতে খুলনা-যশোর সড়কের আমডাঙ্গায় একটি খাল খনন করা হয় এবং এটিকে সংযুক্ত করা হয় ভৈরব নদীর সঙ্গে। এ ব্যবস্থায় কয়েক বছরের জন্য অপেক্ষাকৃত স্বস্তিতে ছিলো মানুষ। ২০১৬ সালে, পরিস্থিতি আবারও খারাপ হয়। সেই বছর, তিন দিনের প্রবল বৃষ্টিতে পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই সময় সরকার ‘কপোতাক্ষ নদী খনন’ নামে আরেকটি প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পে ভবদহের কাপালিয়াসহ চারটি বিলে টিআরএম বাস্তবায়নের কথা ছিলো।
এর আগে ২০১২ সালের জুন মাসে বিল কাপালিয়ায় টিআরএম বাস্তবায়ন শুরু করতে গিয়ে হামলার শিকার হন পাউবো প্রকৌশলীসহ ২৬ জন। ফলে সেখানে টিআরএম বাস্তবায়ন হয়নি। এরপর থেকে ভবদহ এলাকায় কমবেশি প্রতি বছরই জলমগ্ন থাকে।
২০২৫ সালের শুরুতে আমডাঙ্গা খাল খনন ও সংস্কার করতে ভবদহ স্লুইস গেট সংলগ্ন সাত কিলোমিটার অংশ খনন এবং টিআরএমের জন্য একটি উপযুক্ত জায়গা নির্বাচনের উদ্যোগ নেয়া হয়। খনন কাজও বাস্তবায়ন হয়। তবে আবারও পলির কারণে নদী ভরাট হওয়ায় জলাবদ্ধতা দেখা দেয়।
সাইটেশন:
Hussain, N. , Islam, M. and Firdaus, F. (2018) Impact of Tidal River Management (TRM) for Water Logging: A Geospatial Case Study on Coastal Zone of Bangladesh. Journal of Geoscience and Environment Protection, 6, 122-132. doi: 10.4236/gep.2018.612009.
Seijger, C., Datta, D. K., Douven, W. & Halsema, G. V. (2019). Rethinking sediments, tidal rivers and delta livelihoods: tidal river management as a strategic innovation in Bangladesh Water Policy. IWA. https://doi.org/10.2166/wp.2018.212
নিবন্ধটি নিয়ে আপনার মতামত জানাতে পারেন এই ফর্মে।