- জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি ও প্রাপ্তির অনিশ্চয়তা মোকাবিলা করতেই এই আয়োজন।
- এমনকি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে, নিজ বাসভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করেছেন প্রধানমন্ত্রী। উৎপাদিত বাড়তি বিদ্যুৎ যোগ করছেন জাতীয় গ্রিডে।
- ব্যয়বহুল জ্বালানি আমদানির পেছনে ছয় মাসে ২২,৮৭৫ কোটি লোকশান গুনেছে বাংলাদেশে পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আর অতিরিক্ত ভর্তুকি ১০,৬০০ কোটি টাকা দিয়েছে পেট্রেবাংলা।
- সৌরবিদ্যুৎ উৎপাদনে ঋণ ও আর্থিক প্রনোদনা দিচ্ছে সরকার। তবে তা পেতে প্রয়োজনীয় কাগজপত্র জোগারসহ নানা রকম জটিলতায় পড়ছেন উদ্যোক্তারা।
আন্তর্জাতিক বাজারে জীবাশ্ম জ্বালানির সরবরাহ অনিশ্চয়তা এবং অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ যুদ্ধের কারণে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং কয়লা আমদানির বাড়তি ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে দেশটি।
চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় ভয়াবহ লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়েছে সাধারণ নাগরিক। বিদ্যুৎ ও গ্যাস না পেয়ে রপ্তানিমুখী পোশাকশিল্পসহ, সিমেন্ট, রড, সার ও সিরামিকস শিল্পখাতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
রেকর্ড সংখ্যক ভর্তুকি দিয়েও তেল, গ্যাস ও বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যর্থ হয়ে, বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে বাংলাদেশ। তাই আগামীতে এমন নাজুক পরিস্থিতি এড়াতে জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি- বিশেষ করে সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি এতোটাই বেগতিক যে, জীবাশ্ম জ্বালানির ওপর ভরসা না করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে প্রধনামন্ত্রী তারেক রহমান নিজের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করেছেন। চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে সরবরাহ করছেন জাতীয় গ্রিডেও।
বাসা বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন ও নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে বিক্রির জন্য নাগরিকদের উৎসাহিত করতে বিশেষ মূল্যহার ও প্রণোদনা ঘোষণা দিয়েছে সরকার।
তবে কর্তৃপক্ষের নানা উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও, লক্ষ্য অর্জনের জন্য আর্থিক সক্ষমতা এবং নির্ধারিত সময়সীমাকে অপ্রতুল বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্ট অংশীজন ও জ্বালানি বিশেষজ্ঞরা।
ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানি
বর্তমানে বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৮৪৩ মেগাওয়াট, যার প্রায় পুরোটা জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল, গ্যাস ও কয়লা নির্ভর। মোট সক্ষমতার মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ মাত্র ১ হাজার ৮৭০ মেগাওয়াট অর্থাৎ প্রায় ৬ শতাংশ।
ফলে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির প্রায় পুরোটাই মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানির মাধ্যমে পূরন করা হয়। তবে ইরানের পণ্য পরিবহন চ্যানেল হরমুজ প্রণালীতে অবরোধের কারণে তেল ও গ্যাসের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তেল-গ্যাসের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে আমদানি। পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দাম।
বাড়তি দামে তেল, গ্যাস ও কয়লা আমদানি করতে গিয়ে হিমশিম খাচ্ছে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র অর্থনীতির এই দেশ। যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেল আমদানি করে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সাড়ে ছয় মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি টাকা।
বিদ্যুৎ, রপ্তানিমুখী পোশাকশিল্প এবং সার কারখানায় গ্যাস সরবরাহ ঠিক রাখতে প্রায় তিনগুণ বেশি দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও পেট্রোলিয়াম করপোরেশনকে (পেট্রোবাংলা)। এতে এলএনজিতে ভর্তুকির প্রয়োজনীয়তা এরইমধ্যে ব্যাপকভাবে বেড়েছে। পেট্রোবাংলার হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে এলএনজি ভর্তুকি বরাদ্দ ছিল ৪,০০০ কোটি টাকা। কিন্তু অস্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে গত অর্থবছরে ভর্তুকির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৬০০ কোটি টাকায়।
পেট্রোবাংলা সূত্রে জানা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এলএনজিতে ভর্তুকির বরাদ্দ ১০ হাজার ৩০০ কোটি টাকা। অর্থবছরের প্রথম তিন মাসে—জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এলএনজি কিনতেই পুরো অর্থবছরের ভর্তুকির প্রায় সমপরিমাণ টাকা খরচ হয়ে গেছে।

সরবরাহ বিপর্যয়, ব্যাহত শিল্প কারখানার উৎপাদন
বাড়তি ব্যয় এবং অস্বাভাবিক ভর্তুকি দিয়েও সাধারণ ভোক্তা থেকে শুরু করে রপ্তানিমুখী শিল্প কারখানার ভোগান্তি কমানো যায়নি। জ্বালানির অভাবে অলস বসিয়ে রাখতে হয়েছে অর্ধ শতাধিকেরও বেশি বিদ্যুৎকেন্দ্র। তীব্র তাপদাহের মধ্যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং-এ ভুগেছেন সাধারণ ভোক্তারা। গ্যাসের অভাবে রান্না করতে না পেরে আবাসিক গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। চাহিদা অনুয়াযী গ্যাস-বিদ্যুৎ না পেয়ে বন্ধ হয়েছে কয়েক’শ শিল্প কারখানা। গ্যাস–বিদ্যুতের সংকটের কারণে রড, সিমেন্ট, সিরামিক টাইলস ও ইট, কাঁচসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর উৎপাদন ব্যাহত হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ
তেল, গ্যাস ও কয়লার অস্বাভাবিক আমদানি ব্যয় এবং জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা দূর করতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা বাড়াতে চায় সরকার। এ নিয়ে নানা উদ্যোগও নিয়েছে তারা। আগামী গ্রীষ্মকাল অর্থাৎ ২০২৭ সালের এপ্রিল মাসের আগেই সৌরবিদ্যুৎ থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র অনুযায়ী, সরকার ২০৩০ সালের মধ্যে নতুন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে।
এ লক্ষ্যে সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য সোলার সরঞ্জাম ও যন্ত্রপাতির আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশে নিয়ে এসেছে। এর আগে এই খাতে ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ কর দিতে হতো।
এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহস্থালি, প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি স্থাপনায় ঋণ দেওয়া হবে। এগুলো হচ্ছে- ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
এই তহবিল থেকে প্রদেয় ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে বার্ষিক শূন্য দশমিক ৫ শতাংশ। তবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সুবিধাভোগীদের যে ঋণ দেবে, তাতে সব ধরনের ফি ও চার্জসহ কার্যকর বার্ষিক সুদহার সর্বোচ্চ ৬ শতাংশের মধ্যে থাকবে।
তহবিল গঠনের পাশপাশি দেশের ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ উৎপাদন অবকাঠামো স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা। আগামী ৬ মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকার ও শিল্পখাতের পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক ভোক্তাদের গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতে উৎসাহিত করার জন্য নেট-মিটারিংয়ের আওতায় গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ কেনার উদ্যোগও গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রনোদনা যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা ৫০ পয়সায় কেনার ঘোষণা দেয়া হয়। পাশাপাশি আগে গ্রাহকের মোট চাহিদার ৮০ শতাংশের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন না করার যে প্রতিবন্ধকতা ছিল সেটিও তুলে দিয়ে সক্ষমতার শতভাগ সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রাখা হয়েছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহককে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ভবনের ছাদে সৌর বিদ্যুতের অবকাঠোমো বসাতে হবে।

সৌরবিদ্যুতে আলোকিত প্রধানমন্ত্রীর বাসভবন
জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীল না থেকে টেকসই ও সাশ্রয়ী সমাধান হিসেবে নিজের বাসভবনকে সৌরবিদ্যুতে আলোকিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অক্টোবর মাসের ১ তারিখ থেকে প্রধানমন্ত্রী তার গুলশানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু করেছেন। সাধারণ নাগরিকদেরকে নবায়নযোগ্য জ্বালানির প্রতি উৎসাহিত করতে সরকারপ্রধান এই উদ্যোগ নিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) গুলশান বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনের বিদ্যুতের চাহিদা ১৮ কিলোওয়াট। কিন্তু সেখানে ইতিমধ্যে ২৩ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার সোলার প্যানেল বসানো হয়েছে। দিনের বেলায় ভবনের চাহিদার অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ ডেসকোর বিতরণ লাইনে যোগ করা হয়। ভবনটিতে আরো ২০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতার সোলার প্যানেল বসানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
সেটি সম্পন্ন হলে সরকারপ্রধান বিদ্যুৎ বিতরণ কোম্পানির গ্রিড থেকে যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন, তার চেয়েও বেশি সৌরবিদ্যুৎ গ্রিডে দিতে পারবেন বলে মঙ্গাবে-র কাছে আশা প্রকাশ করেন ডেসকোর গুলশান বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রায়হান মন্ডল।
অংশীজন ও বিশেষজ্ঞদের মত
উদ্যোগগুলোকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধির জন্য বিশাল পদক্ষেপ বলে মন্তব্য করেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ।
তিনি মঙ্গাবে-কে বলেন, “যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি অর্জন করতে পারলে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে আসবে। একই সঙ্গে এসব ব্যয়বহুল জ্বালানির বিপরীতে আমদানি ব্যয়ও কমবে।”
তবে এখনও কিছু প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে মোস্তফা আল মাহমুদ বলেন, “নবায়নযোগ্য জ্বালানির জন্য যে তহবিল গঠন করা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এই খাতে সক্ষমতা বাড়াতে বছরে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ দরকার। সেখানে মাত্র ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল খুবই নগণ্য।”
অন্যদিকে, যে সময়সীমা বেধে দেয়া হয়েছে সেটিও খুবই সংক্ষিপ্ত। একজন উদ্যোক্তাকে অর্থের যোগান নিশ্চিত করা, এ বিষয়ে জানা-বোঝার পর বিনিয়োগ করার জন্য সময়সীমাটি খুবই কম বলে মনে করেন তিনি।
এছাড়া, তহবিল থেকে অর্থ প্রাপ্তির প্রক্রিয়াটি খুব একটা সুখকর নয় বলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি মঙ্গাবে-কে বলেন, এই তহবিলের বিষয়টি এখনো কাগজে কলমেই সীমাবদ্ধ। আর অর্থায়নের বিষয়টি খুবই জটিল বলে মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিন চেষ্টা করেও তিনি বাংলাদেশ সরকারের মালিকানাধীন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) থেকে ঋণ পাননি বলে হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, “বাংলাদেশের বৃহত্তর পোশাক শিল্প মালিকদের সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও আমার অভিজ্ঞতা যদি এমন হয়, তবে সাধারণ উদ্যোক্তাদের অভিজ্ঞতা কেমন হবে একবার ভাবুন।”
তিনি ঋণ প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুততর করার পরামর্শ দেন।

কর্তৃপক্ষের অবস্থান
২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে লক্ষ্য অর্জনের বিষয়ে ইডকল-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম মঙ্গাবে-কে বলেন, “সময়টা কম সেটা সত্যি। বিষয়টি চ্যালেঞ্জিংও।”
“তবে শিল্প কারখানার ছাদের ক্ষেত্রে আমাদের বিনিয়োগকারীরা অংকটা বুঝে গেছেন। গ্রিড থেকে কনভেনশনাল বিদ্যুতের চেয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার যে লাভজনক সেটা তারা বুঝে গেছেন তারা। আগ্রহ প্রকাশও করছেন অনেকে।”
অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, “এর পেছনে ঋণ প্রত্যাশীর প্রস্তুতির ঘাটতি রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের রেগুলেশনের জন্য যেসব নথি ও কাগজপত্র দরকার, সেগুলো তারা সময় মতো দিতে পারেন না। কিন্তু ইডকলের কাছে আবেদন জমা দেয়ার দিন থেকে তারা দিন গননা শুরু করেন। তবে তাদের পক্ষ থেকে যে ধরনের সাড়া দ্রুততার সঙ্গে আসা দরকার, তা হয়না। ফলে তাদের কাঙ্ক্ষিতসময়ের চেয়ে বেশি সময় লেগে থাকতে পারে।”
”তবে প্রক্রিয়াটি সহজ করতে আমরা উদ্যোক্তাদের ব্যাংক গ্যারান্টি দেয়ার পরামর্শ দিয়ে থাকি। এভাবে আমরা যখনই কোনো প্রতিবন্ধকতা দেখতে পাই, সেটি সমাধানের চেষ্টা করি। সরকারের লক্ষমাত্রা পূরণের পাশাপাশি আমাদের দক্ষতা দেখানোর একটা চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থায়ন প্রক্রিয়া সহজ না করার কোনো কারণ নাই,” বলে জানান তিনি।
ব্যানার ছবি: রপ্তানিমুখি পোশাক কারখানা স্নোটেক্স এর ধামরাইয়ে স্থাপিত একটি ইউনিটের ছাদে সৌরবিদ্যুতের প্যানেল। ছবি: ইডকল
নিবন্ধটি নিয়ে আপনার মতামত জানাতে পারেন এই ফর্মে।