সমুদ্রতলদেশ থেকে সামুদ্রিক কচ্ছপের পেট– বিজ্ঞানীরা যেখানেই অনুসন্ধান চালাচ্ছেন, সেখানেই মিলছে প্লাস্টিকের অস্তিত্ব। এক নতুন গবেষণায় জাপানের গবেষকরা বলছেন , সামুদ্রিক প্রবালের সঙ্গে তাপে গলে শক্তভাবে আটকে যাচ্ছে প্লাস্টিক বর্জ্য। অভিনব এই সংমিশ্রণটিকে তারা নাম দিয়েছেন ‘প্লাস্টিকোরাল’। সমুদ্রে ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ার নতুন ঝুঁকির আভাস দিচ্ছে তাদের এই খোঁজ। গবেষকদের মতে, এটি যেমন জলজ আবাসস্থল ধ্বংসের কারণ হতে পারে, তেমনি সামুদ্রিক প্রতিবেশে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ার নতুন পথও তৈরি করছে।
জাপানের ইউনিভার্সিটি অব দ্য রিউকিউস-এর গবেষক এবং এই গবেষণার প্রধান লেখক ইফেন্না ইলেচুকু। ২০২৪ সালের আগস্টে ওকিনাওয়া দ্বীপে নিয়মিত সামুদ্রিক বর্জ্য জরিপ চালাচ্ছিলেন ইলেচুকু ও তার সহকর্মীরা। ওই সময় সেখানকার তিনটি ভিন্ন সৈকতে “প্লাস্টিকোরাল”-এর ৫টি টুকরো খুঁজে পান তারা।
এক ই-মেইলে মঙ্গাবে-কে ইলেচুকু বলেন, “প্লাস্টিকোরাল নিয়ে তাদের নির্দিষ্ট খোঁজ ছিলোনা।”
গবেষকরা এর আগেও ‘প্লাস্টিগ্লোমারেট’ নামের উপাদান শনাক্ত করেন। পাথর, কাঠ বা অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গে প্লাস্টিক বর্জ্য গলে জুড়ে গিয়ে মূলত তৈরি হয় এটি।
তবে ওকিনাওয়ায় যেসব প্রবালখণ্ডের ওপর প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে সেগুলোতে প্লাস্টিক আলগাভাবে লেগে ছিলো না। বরং তা স্থায়ীভাবে প্রবালের খাঁজে মিশে গিয়েছিলো। এটি দেখেই সচরাচর দেখা যায় না এমন এক উপাদানের সন্ধান পেয়েছেন বলে বুঝতে পারে গবেষক দলটি।
প্লাস্টিকোরাল মূলত প্লাস্টিগ্লোমারেটেরই একটি উপশ্রেণি। তবে ইলেচুকুর মতে, “প্লাস্টিকোরাল ভিন্ন কিছুকে তুলে ধরে।” তিনি আরও বলেন, “গলিত পলিমারগুলো আক্ষরিক অর্থেই তরলে পরিণত হয়ে প্রবাল খণ্ডের জটিল ও ছিদ্রযুক্ত কঙ্কালের কাঠামোর সঙ্গে মিশে গেছে।”
ইলেচুকু জানান, সৈকতে জ্বালানো কোনো আগুনের তাপে প্লাস্টিক গলে প্রবাল খণ্ডের সঙ্গে জুড়ে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও বিশদ অনুসন্ধানের প্রয়োজন।
গবেষণাগারের বিশ্লেষণে দেখা যায়, সংগৃহীত নমুনাগুলোর মধ্যে ৪টি ছিল পলিইথিলিন। এই ধরনের উপাদান সাধারণত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলে থাকে। অন্য ১টি নমুনায় ছিলো পলিপ্রোপিলিন। এটি অপেক্ষাকৃত শক্ত ধরনের প্লাস্টিক, যা ব্যবহার হয় সাধারণত খাবারের পাত্র এবং বোতলের ছিপিতে। এই দুই ধরনের প্লাস্টিকই সমুদ্রে সবচেয়ে বেশি পাওয়া বর্জ্যের তালিকাভুক্ত। উত্তপ্ত হলে এগুলো নরম হয়ে সহজেই রূপ পরিবর্তন করতে পারে।
খোলা জায়গায় প্লাস্টিক পোড়ানোর ফলে ক্যানসার সৃষ্টিকারী ডাইঅক্সিন এবং সূক্ষ্ম কণিকাসহ নানা ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণ বাতাসে ছড়ায়। এটি মানুষ ও বন্যপ্রাণী উভয়ের জন্যই ডেকে আনে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি । তাছাড়া আগুনের তাপে প্লাস্টিক দ্রুত ভেঙে অতিসূক্ষ্ম মাইক্রোপ্লাস্টিকে রূপ নেয়। ফলে তা পরিবেশ ও খাদ্যশৃঙ্খলে আরও সহজে ঢুকে পড়ে।
জীবন্ত প্রবালে প্লাস্টিকোরাল পায়নি এই গবেষক দলটি। মূলত সৈকতে পড়ে থাকা ভাঙা প্রবাল খণ্ডেই তারা এটি পান। তবে সৈকতে পড়ে থাকলেও প্রবালের এসব ভাঙা অংশের খাঁজে আবাসস্থল গড়ে তোলে ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী। আবার এদের উপরিভাগে শৈবাল ও স্পঞ্জ জমে ছোট ছোট আবাস তৈরি করে প্রাণীগুলো। পরবর্তীতে এগুলোকে আশ্রয় হিসেবে ব্যবহার করে থাকে মাছ ও অন্যান্য অপেক্ষাকৃত বড় জলজ প্রাণী।
বিভিন্ন অনুমান অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন সমুদ্রে ১৯৯ মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য জমে রয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর প্রায় সব জায়গাতেই এখন মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেখা যাচ্ছে। সার্বিক এই পরিস্থিতি বলছে পৃথিবী হয়তো এখন প্রবেশ করেছে “প্লাস্টিসিন” নামের নতুন এক ভূতাত্ত্বিক যুগে।
অন্যান্য বিজ্ঞানী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে প্লাস্টিকোরালসহ সব ধরনের সামুদ্রিক বর্জ্য নথিভুক্ত করতে একযোগে কাজ করার আশাবাদ জানিয়েছে গবেষক দলটি।
“আসুন আমরা পরিবেশ রক্ষা করি, এটিই আমাদের একমাত্র সম্বল,” বলেন ইলেচুকু।
ব্যানার ছবি: ওকিনাওয়ার সৈকত থেকে সংগৃহীত প্লাস্টিকোরাল। ছবি: ইলেচুকু ও তার দল।