ভূমি ও পরিবেশ রক্ষায় নিবেদিত কর্মীদের জন্য এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ এবারও ফিলিপাইন। অলাভজনক সংস্থা গ্লোবাল উইটনেস-এর নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। ঝুঁকিপূর্ণের এই তালিকায় ১২ নম্বরে আছে দেশটি।
প্রতিবেদনে গ্লোবাল উইটনেস জানায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে ১২৪ জন ভূমি ও পরিবেশ রক্ষাকারীর হত্যাকাণ্ডের সত্যতা যাচাই করতে পেরেছে তারা। এসব ঘটনার ৮৫ শতাংশই ঘটেছে লাতিন আমেরিকার দেশগুলোতে। অন্যদিকে মোট মৃত্যুর ১২ শতাংশ এশিয়াতেই। এর মধ্যে কেবল ফিলিপাইনেই প্রাণ হারান ১২ পরিবেশকর্মী; আর ভারত, ইন্দোনেশিয়া ও তুরস্কে নিহত হন ১ জন করে কর্মী।
টানা ১৩ বছর ধরে এ অঞ্চলের পরিবেশকর্মীদের জন্য সবচেয়ে ঝুুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষস্থানে ফিলিপাইন। ২০২৫ সালে দেশটিতে ১২টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিবেদনটি। লাতিন আমেরিকার বাইরে একক দেশ হিসেবে এটিই সর্বোচ্চ।
প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে পরিবেশ ও ভূমি সুরক্ষাকর্মীদের ওপর এসব সহিংসতায় রাষ্ট্রীয় বাহিনীগুলোই প্রধান ভূমিকা পালন করেছে। গ্রামীণ এলাকায় একদিকে চলছে বিদ্রোহী দমন অভিযান, অন্যদিকে বিস্তার ঘটছে প্রাকৃতিক সম্পদ আহণের নানা প্রকল্প। এমন পরিস্থিতির মধ্যে সংঘটিত ১২টি হত্যাকাণ্ডের অন্তত ৫টিতে, ফিলিপাইনের সামরিক বাহিনী জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
“ফিলিপাইনে ভূমি ও পরিবেশ রক্ষাকারীদের পরিস্থিতি সম্পর্কে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে,” ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে মঙ্গাবে-কে জানায় ম্যানিলাভিত্তিক পরিবেশবিষয়ক সংগঠন কালিকাসান পিপলস নেটওয়ার্ক ফর দ্য এনভায়রনমেন্ট (PNE)।
পরিবেশবিরোধী প্রকল্পগুলোর বিরুদ্ধে লড়তে গেলে শুধু প্রতিষ্ঠানের বিরুদ্ধেই নয়, এদরেকে সহায়তা ও সুরক্ষা দেওয়া সরকারি ব্যবস্থার বিরুদ্ধেও দাঁড়াতে হয় কর্মীদের। যা অধিকার রক্ষাকারীদের ওপর হামলার অন্যতম কারণ, বলছে PNE।
গ্লোবাল উইটনেস-এর ওই প্রতিবেদনে আরও বলা হয়, ” পরিবেশ রক্ষাকারীদের যেসব প্রতিশোধমূলক পরিস্থিতির মুখে পড়তে হয় তার সবচেয়ে চরম রূপ এই হত্যাকাণ্ডগুলো।” এতে উল্লেখ করা হয়, শুধু প্রাণঘাতী সহিংসতাই নয়; পরিবেশ রক্ষাকারীরা প্রতিনিয়ত আইনি হয়রানি, অপরাধী হিসেবে সাব্যস্ত চেষ্টা এবং অপপ্রচারের মতো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে।
ফিলিপাইনের মানবাধিকার সংস্থা কারাপাতান (KARAPATAN) অধিকারকর্মীদের ওপর ‘রেড ট্যাগিং’-এর ব্যাপক ব্যবহারের তথ্য নথিভুক্ত করেছে। এই চর্চার মাধ্যমে কর্মীদের কমিউনিস্ট বিদ্রোহী কিংবা সন্ত্রাসী হিসেবে মিথ্যা তকমা দেওয়া হয়। দেশটিতে শুধু ২০২৫ সালেই সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয় ২২৭ কর্মীর বিরুদ্ধে।
PNE জানায়, দেশটির প্রাকৃতিক সম্পদে বিদেশি ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে নীতিগত কাঠামোর পরিধি বিস্তৃত করেছে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রশাসন। মূলত বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের স্বার্থে গুরুত্বপূর্ণ খনিজ আহরণ দ্রুত করাই এই নীতিগুলোর মূল লক্ষ্য।
PNE বলছে, “পরিবেশবাদীরা মনে করেন, নির্দিষ্ট অঞ্চল ও প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার সহজ করতে সম্পদ আহরণকারী শিল্পগুলোর বিস্তারকে ক্রমাগত মদদ দিচ্ছে প্রাতিষ্ঠানিক ও নীতিগত কাঠামো।”
“ফলে খনি, জ্বালানিসহ অন্যান্য ধ্বংসাত্মক প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা স্থানীয় জনগোষ্ঠীগুলোকে বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরও মুখোমুখি হতে হচ্ছে।”
অধিকারকর্মীদের সুরক্ষায় ফিলিপাইন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বিচারহীনতার অবসান দাবি করেছে কালিকাসান PNE। একই সঙ্গে বিতর্কিত অ্যান্টিটেররিজম অ্যাক্ট বাতিল এবং ন্যাশনাল টাস্ক ফোর্স টু এন্ড লোকাল কমিউনিস্ট আর্মড কনফ্লিক্ট (NTF-ELCAC)-এর মতো দমনমূলক ব্যবস্থাগুলো বিলুপ্তের জোর আহ্বান জানিয়েছে তারা। সংগঠনটি আরও জানায়, পরিবেশের ক্ষতি এবং আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে ভিটে ছাড়া করে এমন প্রকল্প ও নীতিগুলো পর্যালোচনা ও স্থগিত করতে হবে সরকারকে।
ব্যানার ছবি: সুরিগাও দেল নর্টে প্রদেশে তাগানিতো মাইনিং করপোরেশনের উন্মুক্ত নিকেল খনি। ছবি: Ryan Dael/PH-EITI via ফ্লিকার (CC BY-SA 2.0)।