আপনি কি জানেন, আপনার দুই আঙুলের ফাঁকের ছোট্ট সিগাররেটটিও প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছে!
একদম ভাববেন না, কোনো গবেষণা ছাড়াই পরিবেশবাদীরা এটি দাবি করেছে। সম্প্রতি প্রকাশিত এক বৈশ্বিক পর্যালোচনায় দেখা গেছে, নদী, হ্রদ ও সমুদ্রসৈকতের আবর্জনার প্রায় ১২ শতাংশই সিগারেটের অবশিষ্টাংশ।
গবেষকরা ৫৫টি দেশের, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে পরিচালিত ১৩০টি গবেষণার তথ্য একসঙ্গে করেন। জল ও স্থলভাগের সব ধরনের পরিবেশের তথ্য বিশ্লেষণ করে তারা দেখেছেন, প্রতি ৪ বর্গমিটারে গড়ে একটি সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া যায়।
জলজ পরিবেশে এই হার আরও বেশি। সেখান থেকে সংগ্রহ করা প্রতি ৯ ধরনের আবর্জনার মধ্যে প্রায় একটিই সিগারেটের অবশিষ্টাংশ। অর্থাৎ জলজ পরিবেশের মোট আবর্জনার প্রায় ১২ শতাংশ সিগারেট থেকে আসে।
ইরান, চিলি, ব্রাজিল ও পেরুর কয়েকটি উপকূলীয় এলাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। এসব এলাকার কিছু গবেষণাস্থলে পাওয়া মোট আবর্জনার অর্ধেকেরও বেশি ছিল সিগারেটের অংশবিশেষ।
জার্মানির প্রকাশনা প্রতিষ্ঠান ‘Springer Nature’-এর একটি বিজ্ঞানভিত্তিক জার্নাল Environmental Chemistry Letters। ২০২৬ সালে “Global cigarette butt contamination: a review” শীর্ষক একটি বৈশ্বিক পর্যালোচনা এই জার্নালে প্রকাশ হয়। মোট ৫৫টি দেশের ১৩০টি গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয় এতে। আর উঠে আসে উদ্বেজনক কিছু তথ্য।
বিশ্বের অন্যান্য দেশের মতো গবেষণাটিতে বাংলাদেশের সেইন্ট মার্টিন দ্বীপের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালে সেইন্ট মার্টিনের সৈকতে প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ১.৭৬টি সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া যায়। গবেষণায় দ্বীপটিকে চিহ্নিত করা হয়েছে, এরকম দূষণের সম্ভার (Hotspot) হিসেবে।
বাংলাদেশে কক্সবাজার নিয়ে আলাদা গবেষণাতেও একই ধরনের উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। ২০২৩ সালে Marine Pollution Bulletin-এ প্রকাশিত ওই গবেষণায় কক্সবাজারের ১২টি সৈকত এলাকার জরিপের তথ্য উল্লেখ করা হয়। এসব এলাকা থেকে সংগ্রহ করা হয় ১৩,৯৮৮টি সিগারেটের অবশিষ্টাংশ। সেখানে প্রতি বর্গমিটারে গড় ঘনত্ব ছিল ০.৩৮৮টি। গবেষকরা সামগ্রিকভাবে এই দূষণকে উচ্চ মাত্রার হিসেবে শ্রেণিবদ্ধ করেন।
বৈশ্বিক গবেষণাটির প্রধান লেখক এবং ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব সাও পাওলোর গবেষক ভিক্টর ভাসকেস রিবেইরো ই-মেইলে মঙ্গাবে-কে বলেন, “তথ্য বিশ্লেষণে বোঝা যায়, মানুষের প্রতিদিনের একটি সাধারণ কাজও পরিবেশে কতটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সেসব জায়গা যেগুলো আমরা সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করি।”
সিগারেটের ফিল্টার তৈরি হয় সেলুলোজ অ্যাসিটেট দিয়ে। এটি এক ধরনের প্লাস্টিক, যা ভেঙে আনুবীক্ষণিক মাপের (Microplastic) কণায় পরিণত হতে পারে।
রিবেইরো বলেন, “সিগারেটের অবশিষ্টাংশকে অনেক সময় এক ধরনের ‘রাসায়নিক বোমা’ হিসেবে বর্ণনা করা হয়। পানির সংস্পর্শে এলে এসব পদার্থ বেরিয়ে আসে এবং বিভিন্ন প্রাণীর ওপর ঘটাতে পারে মারাত্মক বিষক্রিয়া।”
গবেষণায় সমুদ্রসৈকতকে দূষণের অন্যতম প্রধান এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর সম্ভাব্য কারণ হিসেবে দেখানো হয়েছে, বিনোদনের জন্য এসব এলাকায় মানুষের সমাগম।
১৭টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যেসব এলাকায় সবচেয়ে বেশি আবর্জনা পাওয়া গেছে, সেই শীর্ষ ৫ শতাংশ এলাকার বেশিরভাগই ছিল সমুদ্রসৈকত।
উপকূলীয় পরিবেশকে এসব দূষণকারী পদার্থ থেকে রক্ষায়, সমুদ্রসৈকতে ধূমপান নিষিদ্ধ করার বিষয়টিকে কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে গবেষণায়।
মালয়েশিয়া, স্পেন, মেক্সিকো ও ইতালিসহ কয়েকটি দেশে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর বলে প্রমাণ হয়েছে। গবেষণায় বলা হয়েছে, এসব নিষেধাজ্ঞার ফলে সৈকতে কমেছে সিগারেটের বাট ছুড়ে ফেলার পরিমাণ। বিশেষ করে নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানার ব্যবস্থা থাকায় আরও ভালো ফল পাওয়া গেছে।
ব্যানার ছবি: যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ২০১২ সালে, এক সমুদ্রসৈকত পরিষ্কার অভিযানের পর একজন স্বেচ্ছাসেবক সিগারেটের অবশিষ্টাংশ হিসেব করছেন। ছবি: NOAA Marine Debris Program
প্রতিবেদনটি প্রথম প্রকাশ হয় মঙ্গাবে গ্লোবাল-এ ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর।