বনভূমি উজার বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ। বিশ্বজুড়ে নগরায়ন আর ভোগদখল প্রবণতা গিলে খাচ্ছে প্রাকৃতিক এই আচ্ছাদন। পৃথিবীতে যে কয়েকটি চিরসবুজ বন (Rain Forest) টিকে আছে, ইন্দোনেশিয়ার বোর্নিও তার একটি। দেশটির একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়, বোর্নিওর আপার বারাম অংশ ইজারা দেওয়া হয়েছে। এর ফলে সেখানে বাণিজ্যিকভাবে গাছ কাটা যাবে। অথচ যৌথ ব্যবস্থাপনা ও নিজস্ব প্রশাসনিক কাঠামোর মাধ্যমে বনটি রক্ষার স্বপ্ন দেখছিল স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী।
সারাওয়াক রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত আপার বারাম বনটির আয়তন ২,৮৩,৫০০ হেক্টর (৭,০০,৫০০ একর)। ১৫ বছরের বেশি সময় আগে এটিকে স্থানীয় আদিবাসীদের নেতৃত্বাধীন একটি সংরক্ষিত এলাকা হিসেবে গড়ে তোলার প্রস্তাব ওঠে।
বনের টেকসই ব্যবহার নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল টিম্বার অর্গানাইজেশন (ITTO)। তাদের কাছ থেকে ২০২১ সালে ১.৪ মিলিয়ন ডলার অর্থায়ন পায় সারাওয়াক বনবিভাগ। ৩২টি আদিবাসী গ্রামকে সঙ্গে নিয়ে ‘বারাম পিস পার্ক’ নামের একটি সংরক্ষণ উদ্যোগ গড়ে তোলাই ছিল এই তহবিলের লক্ষ্য। তবে মঙ্গাবের প্রতিবেদক ড্যানিয়েল কিটন-ওলসেন জানান, ২০২৪ সালে ১,৭০,০০০ হেক্টর (৪,২০,০০০ একর) বনভূমি থেকে গাছ কাটার জন্য ইজারা দেয় রাজ্য সরকার।
বারাম পিস পার্ক প্রকল্পের অন্যতম প্রধান অর্থদাতা সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা ব্রুনো মানসার ফন্ডস। তাদের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের মার্চ থেকে মে-র মধ্যে বনটি থেকে প্রতি মাসে ১৬০টির বেশি কাঠবোঝাই ট্রাক বের হতে দেখেন স্থানীয়রা। যার আনুমানিক দাম ১০.৫ মিলিয়ন রিঙ্গিত (২.৬ মিলিয়ন ডলার)।
আদিবাসী পেনান সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু গুনুং মুরুদ কেচিল পর্বতচূড়া। এর আশপাশের গভীর বনেও ঢুকে পড়েছে কাঠ পরিবহনের রাস্তা। ফলে হেলমেটেড হর্নবিল (Rhinoplax vigil), সান বিয়ার (Helarctos malayanus) ও সুন্দা ক্লাউডেড লেপার্ডের (Neofelis diardi) মতো প্রজাতি পড়েছে অস্তিত্ব সংকটে। বুলডোজার চালিয়ে জমি সমান করা এবং পূর্বপুরুষদের লাগানো ফলের গাছ কেটে ফেলার মাধ্যমে কাঠ ব্যবসায়ীরা স্থানীয়দের প্রথাগত অধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের।
পেনান অধিকার বিষয়ক সংস্থা কেরুয়ান-এর প্রতিষ্ঠাতা কোমেওক জো জানান, নিজেদের বন রক্ষায় আদিবাসীরা এখন সক্রিয় নজরদারি চালাচ্ছেন এবং সংগঠিত হচ্ছেন। জো-র উদ্বেগ “চলতি বছর গাছ কাটা বন্ধ না হলে ওই দুই এলাকার বন হয়তো শেষ হয়ে যেতে পারে।”
গাছ কাটার এই ইজারার পক্ষে অবস্থান নিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। সারাওয়াক বন বিভাগের পরিচালক হামদেন মোহাম্মদ মঙ্গাবে-কে বলেন, ব্রুনো মানসার ফন্ডসের বক্তব্য ‘প্রকল্পের মূল ভাবনা ও উদ্দেশ্যের একটি ভুল বোঝাবুঝি’। তিনি আরও জানান, প্রকল্পটি শুরু থেকেই একটি ‘সমন্বিত ভূমি ব্যবস্থাপনা অঞ্চল’ হিসেবে পরিকল্পনার অংশ ছিলো। সেখানে স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহার ও সংরক্ষণের পাশাপাশি, গাছ কাটার বাণিজ্যিক লাইসেন্স দেওয়ারও সুযোগ রাখা হয়েছে।
এর আগে আদিবাসীদের পক্ষ থেকে করা একটি আবেদন খারিজ করে দেয় সাব্বা ও সারাওয়াক হাইকোর্ট।গাছ কাটার ইজারায় কোনো ধরনের অনিয়ম না থাকার প্রমাণ হিসেবে আদালতের এই রায়ের কথা উল্লেখ করেন মোহাম্মদ।
ড্যানিয়েল কিটন-ওলসেনের পুরো প্রতিবেদনটি পড়ুন এখানে।
ব্যানার ছবি: গাছ কাটার এলাকায় ২২ আগস্ট ২০২৩ তারিখে পরিবহনের উদ্দেশ্যে কাঠের গায়ে ট্যাগ লাগানো হচ্ছে। ছবি: Danielle Keeton-Olsen/মঙ্গাবে