ইন্দোনেশিয়ার সেরাঙ্গান দ্বীপের জলসীমায় নৌকার ভেতর তখন পর্যন্ত জীবিত ছিলো কচ্ছপগুলো। দক্ষিণ বালির এই দ্বীপটিতে ২২টি কচ্ছপ পাচার হতে পারে, এমন খবর আগে থেকেই ছিলো পুলিশের কাছে। পরে সেখানে গিয়ে পাচারকারীদের না পেলেও কচ্ছপগুলো উদ্ধার করে নৌ পুলিশ। খালি নৌকার ভেতর থেকে উদ্ধার এই ২২টি প্রাণী মূলত সংরক্ষিত গ্রিন সি টার্টল (Chelonia mydas)।
উদ্ধারের পর গত ১৩ অক্টোবর প্রাণীগুলোকে আবার সাগরে অবমুক্ত করে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি কর্তৃপক্ষ।
দক্ষিণ বালির সেরাঙ্গান দ্বীপ, যা টার্টল আইল্যান্ড বা কচ্ছপের দ্বীপ নামেও পরিচিত। এখানকার সংরক্ষণ কেন্দ্রে উদ্ধার করা কচ্ছপগুলোকে রাখা হয়। সাগরে ছাড়ার আগে তাদের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন কর্মকর্তারা। এরপর নীল রঙের কাপড়ে সাবধানে মুড়িয়ে একটি ছোট ট্রাকে করে সেগুলোকে নিয়ে যাওয়া হয় সমুদ্রতীরে।
বালির নৌ পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ওই এলাকায় কচ্ছপ পাচারের তথ্য পেয়েছিলেন তারা। সেই তথ্যের ভিত্তিতে ১০ অক্টোবর সেরাঙ্গান দ্বীপের জলসীমা থেকে ২২টি সামুদ্রিক কচ্ছপ পাচারের চেষ্টা নস্যাৎ করে দেয় পুলিশ।
বালি ওয়াটার অ্যান্ড এয়ার পুলিশের সদস্য গাস্তি আগুং পূর্ণমা বিরাহাদি জানান, উদ্ধার করা ২২টি কচ্ছপের মধ্যে ২টি এখনও অসুস্থ। তাই সাগরে ছাড়ার আগে সেগুলোর চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।
“আমরা আশা করি, এই সংরক্ষিত প্রজাতিগুলোকে উদ্ধার করা, নিজের কাছে রাখা কিংবা বাণিজ্যের সাহস ভবিষ্যতে আর কেউ দেখাবে না,” বলেন বিরাহাদি।
ইন্দোনেশিয়া-র সংরক্ষণ ও মৎস্য আইনের অধীনে ১৯৯০ সাল থেকেই কচ্ছপের বিভিন্ন প্রজাতি আইনি সুরক্ষা পেয়ে আসছে।
পরবর্তীতে ২০১৮ সালে পরিবেশ মন্ত্রণালয় একটি বিধিমালা জারি করে দেশটির জলসীমার ৬টি সামুদ্রিক কচ্ছপ প্রজাতির সুরক্ষার বিষয়টি আরও সুস্পষ্ট করে। এছাড়া সরকারের অতিরিক্ত কিছু বিধিনিষেধের আওতায় এসব প্রাণীর বাণিজ্যিক লেনদেনও পুরোপুরি নিষিদ্ধ।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের ২০২২ সালের একটি গবেষণা অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত ৩০ বছরে যত সামুদ্রিক কচ্ছপ শিকার করা হয়েছে, তার ৫৬ শতাংশই গ্রিন সি টার্টল।
প্রায় ৪৫ লাখ মানুষের বাসস্থান বালি দ্বীপ। এখানে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো বালিনিজ হিন্দুরা। ধর্মীয় আচারে অর্ঘ্য বা ভোগ হিসেবে কচ্ছপের মাংস ব্যবহারের ঐতিহাসিক রেওয়াজ ছিলো তাদের। আর এ কারণেই একসময় সামুদ্রিক কচ্ছপ চোরাচালানের প্রধান কেন্দ্রে পরিণত হয় দ্বীপটি।
এর আগে গত জুন মাসে দ্বীপটির পেগামেতান উপকূলে অভিযান চালিয়ে ২১টি সামুদ্রিক কচ্ছপের পাচার নস্যাৎ করে প্রশাসন। এ ঘটনায় সে সময় ৬৭ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়।
লিখেছেন ফিরদিয়া লিসনাওয়াতি, অ্যাসোসিয়েটেড প্রেস
ব্যানার ছবি: ইন্দোনেশিয়ার সেরাঙ্গান দ্বীপ থেকে উদ্ধার সামুদ্রিক কচ্ছপগুলোকে সাগরে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুলিশ ও অধিকারকর্মীরা। ছবি: ফিরদিয়া লিসনাওয়াতি, অ্যাসোসিয়েটেড প্রেস।