“আমরা এই দেশ থেকেই বিশ্বকে শিখিয়ে দেবো কীভাবে জলবায়ু নীতি বাস্তবায়ন করতে হয়।”
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা ২৫ অক্টোবরের নির্বাচনে আবারও জয়ী হয়েছেন। জয়ের পরপরই প্রথম ভাষণে পরিবেশ রক্ষায় তার প্রত্যয়ের কথা জানান তিনি।
পরিবেশ নিয়ে তার সচেতনতা ও বাস্তবসম্মত কর্মসূচী, নির্বাচনে জয়ের অন্যতম একটি কারণ। অন্যদিকে এ নিয়ে প্রতিপক্ষের অবস্থান ছিলো লুলার বক্তব্যের একদম উল্টো।
প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো, আমাজন অঞ্চলে পরিবেশ বিষয়ক বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দেন। ১৯ অক্টোবর পারা অঙ্গরাজ্যের মারাবা শহরে এক সমাবেশে তিনি বলেন, ক্ষমতায় গেলে জমির মালিকানা নিয়মিত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষার নামে বিভিন্ন বাধা দূর করবেন তিনি। তবে কোন কোন বিধিনিষেধ পরিবর্তন করবেন, তা তিনি স্পষ্ট করেননি।
নির্বাচনে লুলা বৈধ ভোটের ৫১.৮ শতাংশ পেয়ে বিজয়ী হন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট। লুলা বলেন নির্বাচনে তার জয় হলো “অস্বীকারবাদের পরাজয়, মিথ্যার পরাজয়।” তার সরকারের চার বছরের প্রতিটি বছরেই কমেছে বন উজাড়ের হার। পরিসংখ্যাণ বলছে, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত আমাজনে বন উজাড় আগের ১২ মাসের তুলনায় ৪১.৮ শতাংশ কমেছে।
ফ্লাভিওর বাবা সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো সরকারের আমলে, বন উজাড়ের মাত্রা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলো। পরবর্তীতে লুলা ২০২৩ সালে দায়িত্ব গ্রহণের সময় ২০৩০ সালের মধ্যে বৈধ ও অবৈধ—উভয় ধরনের বন উজাড় সম্পূর্ণ বন্ধ করার অঙ্গীকার করেন। ফলে ধারাবাহিকভাবে কমতে থাকে বন উজাড়ের হার।
এরপরও ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে প্রায় ৩,৩৩,৫০০ হেক্টর (৮,২৪,০০০ একর) বন কেটে ফেলা হয়েছে। দৈনিক হিসাবে উজাড় হওয়া এই বনের পরিমাণ প্রায় ৭,৩০০টি অলিম্পিক সুইমিং পুলের সমান।
“সাম্প্রতিক বছরগুলোতে বন উজাড় কমে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি ছিলো, তবে আমাদের এখনও আরও অনেক দূর যেতে হবে,” এক বিবৃতিতে উল্লেখ করেন সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী কার্লোস নোব্রে।
আমাজন অঞ্চলের চারটি অঙ্গরাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন লুলা, আর অপর পাঁচটি রাজ্যে অর্ধেকের বেশি ভোট গেছে ফ্লাভিওর পক্ষে।
ব্রাজিলীয় আমাজনের বৃহত্তম শহর মানাউসের আকাশ অক্টোবর মাসের বেশিরভাগ সময় জুড়েই বনের দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন ছিলো। তবে প্রথম ও দ্বিতীয় পর্বের মধ্যবর্তী সময়ে এই শহরে লুলার ভোট ৮০,০০০-এর বেশি বেড়ে যায়। শতকরা হিসেবে লুলার ভোট ১৮.৫ শতাংশ বাড়লেও ফ্লাভিও বলসোনারোর ক্ষেত্রে এই বৃদ্ধির হার ছিল মাত্র ২.৫ শতাংশ।
সিনেটর থাকাকালে ২০১৯ সালে ফ্লাভিও বলসোনারো যৌথভাবে এমন একটি বিল এনেছিলেন, যার লক্ষ্য ছিলো জমির মালিকদের নিজস্ব স্বাভাবিক গাছপালা অক্ষুন্ন রাখার বাধ্যবাধকতা বাতিল করা। ওই বিলে লিগ্যাল আমাজনের বনাঞ্চলে নিজ সম্পত্তির ৮০ শতাংশ, সেরাডো সাভানায় ৩৫ শতাংশ এবং ব্রাজিলের বাকি অংশে ২০ শতাংশ জমিতে বন সংরক্ষণের শর্ত তুলে দেওয়ার প্রস্তাব ছিলো। বিলটি অবশ্য একই বছর স্থগিত করা হয়।
প্রেসিডেন্ট হিসেবে লুলার চতুর্থ মেয়াদের কার্যভার গ্রহণের কথা রয়েছে ২০২৭ সালের ৫ জানুয়ারি। তবে দেশটির ভোটাররা কংগ্রেসের উভয় কক্ষেই ফ্লাভিও বলসোনারোর কট্টর ডানপন্থি লিবারেল পার্টিকে সর্বাধিক আসনে জয়ী করেছেন।
ব্যানার ছবি: নির্বাচনে বিজয়ের পর ব্রাজিলের সাও পাওলোতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। ছবি: Ricardo Stuckert।