ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জীববৈচিত্রে সমৃদ্ধ এই অঞ্চলে বাস করে বেশ কয়েকটি আদিবাসী জনগোষ্ঠী। সংরক্ষিত উত্তর সেন্টিনেল দ্বীপের সেন্টিনেলিজ কিংবা গ্রেট নিকোবর দ্বীপের সোম্পেনরা স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকে মূল ভূখণ্ডের জনপদ থেকে।
অবৈধ মাছ শিকার, মেগা-উন্নয়ন প্রকল্প এবং আদিবাসীদের স্বাবলম্বিতা নষ্ট করে এমন বিভ্রান্তিকর সরকারি নীতির কারণে, ধংস হতে বসেছে এই সবুজ বন ও বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দয্য। অস্তিত্ব সংকটে পড়েছে আদিবাসী জনগোষ্ঠীগুলো।
দ্বীপপুঞ্জগুলোতে আদিবাসীদের নিয়ে কয়েক দশক ধরে কাজ করছেন গবেষক মণীশ চণ্ডী।
আন্দামান নিকোবর এনভায়রনমেন্ট টিম ও নেচার কনজারভেশন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থাকার সময়, চণ্ডী, স্থানীয় এসব জনগোষ্ঠীর খুব কাছে থেকে কাজ করেন। মঙ্গাবে-র একজন কর্মী লটোয়া আবুলুর সঙ্গে এক সাক্ষাৎকারে চণ্ডী বলেন, দ্বীপপুঞ্জে আদিবাসীদের টিকে থাকা এবং সামগ্রিক পরিবেশ সংরক্ষণ- দুটি বিষয় নিশ্চিত করতেই তাদের স্বায়ত্তশাসন জরুরি।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, “আদিবাসী সংরক্ষিত এলাকাগুলো আয়তনে অনেক বড়। এগুলো কাঠ আহরণ ও বসতি স্থাপনের কাজে ব্যবহার হয়নি। সে কারণে বিভিন্ন প্রজাতির আবাসস্থল ও জীববৈচিত্র্য ধরে রাখতে পারছে এলাকাগুলো।”
তবে ক্রমাগত বাড়তে থাকা নানা ধরনের চাপ এই জনগোষ্ঠীগুলোর অস্তিত্বকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
চণ্ডী জানান, উপকূলের সংরক্ষিত অংশে নিয়মিত অনুপ্রবেশ করছে বাণিজ্যিক ট্রলার এবং চোরাশিকারীরা। নির্বিচারে হাঙর, লবস্টার ও কচ্ছপ ধরা পড়ছে তাদের হাতে। অথচ এগুলোর ওপরই নির্ভর করে আদিবাসীদের জীবন। অন্যদিকে গ্রেট নিকোবর দ্বীপে সরকারের প্রস্তাবিত একটি উন্নয়ন প্রকল্প নেয়াই হয়েছে সোম্পেনদের আদি খাদ্য সংগ্রহের এলাকা ও বসতির অংশ জুড়ে। তাদের সম্মতি ছাড়াই কাজটি করছে সরকার।
চণ্ডী উল্লেখ করেন, সার্বিকভাবে এসব আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কে বহিরাগতদের অজ্ঞতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
শিকার প্রথার উদাহরণ দিয়ে তিনি জানান, কিছু সরকারি কর্মকর্তা আদিবাসীদের সনাতন শিকার ও ফলমূল সংগ্রহের পদ্ধতিকে আদিম বা অচল বলে মনে করেন। তারা এসব জনগোষ্ঠীর কাছে বাইরের খাদ্যসামগ্রী সরবরাহ করছেন। যার ফলে আদিবাসীরাও নির্ভরশীল হয়ে পড়ছে এমন সব খাদ্যের ওপর। অথচ এসব খাবার না তারা ফলাতে পারেন, না পারেন বন থেকে সংগ্রহ করতে।
চণ্ডী আরও জানান, প্রাকৃতিক স্বনির্ভরতার বদলে বাজারভিত্তিক সরকারি সহায়তা, একসময়ের মুক্ত মানুষগুলোকে নির্দিষ্ট সীমানার ভেতর আবদ্ধ হতে বাধ্য করা হচ্ছে। এই সুযোগে বাণিজ্যিক পর্যটন চালুর পথ যেমন সুগম হয়, তেমনি তাদের বিশাল ঐতিহ্যবাহী অঞ্চলের আইনি সুরক্ষা তুলে নেয়ার বড় ঝুঁকি তৈরি হচ্ছে (যার মাধ্যমে রাষ্ট্র কোনো এলাকার সংরক্ষিত মর্যাদা তুলে নিতে পারে)।
“স্বায়ত্তশাসন এবং আত্মনির্ভরশীলতা মানুষের কল্যাণ ও মঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক,” বলেন চণ্ডী।
“পরনির্ভরশীলতা তৈরি করা এবং তাদের সমষ্টিগত স্বার্থের ওপর আমাদের অজ্ঞতা চাপিয়ে দেয়ার বদলে, আদিবাসী জনগোষ্ঠীর জন্য ইতিবাচক পরিকল্পনা থাকা উচিত।”
চণ্ডী মনে করেন, “আদিবাসী জনগোষ্ঠীগুলোকে বোঝা এবং সেই তথ্য দ্বীপের অন্যান্য বসতি স্থাপনকারীদের জানানোর ক্ষেত্রে, সরকারের অনীহা রয়েছে। অথচ নৈতিকভাবে ইতিবাচক ও বৈজ্ঞানিকভাবে যথার্থ উদ্যোগ না নেওয়ার প্রবণতা তৈরি করছে গভীর ক্ষত। যেখানে সরকারের নজর দেয়া প্রয়োজন।”
মণীশ চণ্ডীর সম্পূর্ণ সাক্ষাৎকারটি পড়ুন এখানে।
ব্যানার ছবি: উত্তর সেন্টিনেল দ্বীপে মাছ ধরছেন দক্ষিণ আন্দামানের জেলেরা। ছবিটি ১৯৯৯ সালের। ছবি: মণীশ চণ্ডী।