কাক ডাকা ভোর, কাক ভেজা শরীর, কাকের শহর ঢাকা-কবির কবিতা, গল্পের উপমা কিংবা শহুরে জীবনের সঙ্গে এই কালো পাখিটির সম্পর্ক আমরা খুঁজে পেতাম আমাদের প্রতিদিনের জীবনে। যা এখন প্রায় স্মৃতি। হ্যা স্মৃতিই, কারণ ঢাকায় কাকেদের উপদ্রব আর তেমন নেই। বলতে পারেন আনাচে কানাচে তাদের উপস্থিতি এখন আর দেখা যায়না।
ঢাকার কাক গেলো কই, কাক গেলো কই! এ নিয়ে পরিবেশবাদীদের চিৎকার থাকলেও, পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের গল্পটা একদম উল্টো।
কাককে এখন এই শহরটির মানুষ এতোটাই উপদ্রব হিসেবে দেখছেন যে, সরকারের কাছে এ নিয়ে নিয়মিত অভিযোগ তুলছেন তারা। আর সরকারও তার জনগণকে বাঁচাতে মরিয়া হয়ে হাতে তুলে নিয়েছে আগ্নেয়াস্ত্র! কি ভীষণ ব্যাপার তাই না!
তবে দেশটিতে গুলি করে কাক নিধনের অভিযান নিয়ে চলছে তীব্র বিতর্ক। আধুনিক নগরায়নের সর্বোচ্চ সুবিধা নিয়ে গড়ে উঠেছে সিঙ্গাপুর। বন্যপ্রাণী নিয়ন্ত্রণে দেশটির এমন প্রাণঘাতী পদ্ধতি ব্যবহারের যৌক্তিকতা নিয়ে নতুন করে উঠছে নানা প্রশ্ন।
পথচারী ও সাইকেল আরোহীদের ওপর কাকের উপদ্রব ও হামলা নিয়ে বেশ অসুবিধার মধ্যে রয়েছে শহরটির বাসিন্দারা। সরকারি দপ্তরেও জমা পড়ছে একের পর এক অভিযোগ। এই পরিপ্রেক্ষিতেই সরকারি কর্মকর্তারা এই নিধন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছেন বলে মঙ্গাবে-র অন্য এক প্রতিবেদনে উঠে আসে বিষয়টি।
এ বছর মার্চ মাসে এক বিবৃতিতে কাক নিধনের আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশটির জাতীয় উন্নয়ন মন্ত্রী চি হং ট্যাট। তিনি বলেন, ফাঁদ পেতে পাখি ধরা, গাছের ডালপালা ছাঁটা কিংবা ২০২৫ সালে প্রায় ৯,০০০ বাসা নষ্ট করা- এসব উদ্যোগ যথেষ্ট কার্যকর প্রমাণ হয়নি।
ন্যাশনাল পার্কস বোর্ডের বন্যপ্রাণী ব্যবস্থাপনা পরিচালক হাউ চুন বেং। অন্যান্য পদক্ষেপের পাশাপাশি গুলি করে কাকের সংখ্যার রাশ টানা যাবে বলে মনে করেন তিনি। এছাড়া নতুন করে সংখ্যা বাড়ার সুযোগও কম থাকবে এই প্রক্রিয়ায়, বলেন হাউ চুন বেং।
তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, পাখি নিধনের এই পদক্ষেপ স্রেফ একটি সাময়িক ব্যবস্থা। পাখির সংখ্যা অস্বাভাবিক বেড়ে যাওয়ার পেছনে মূল কারণগুলো দূর করতে কোনো কাজে আসছে না এটি ।
অলাভজনক সংস্থা নেচার সোসাইটি সিঙ্গাপুরের সংরক্ষণ বিষয়ক সহকারী পরিচালক অ্যালবার্ট লিউ। তিনি বলেন, এই কর্মসূচিটি কেবল সাধারণ মানুষকে দেখানো যে সরকার কাক দমনে তৎপর। অ্যালবার্ট লিউ মনে করেন “মূল কারণ সমাধান না করে কেবল উপসর্গগুলোর চিকিৎসা করছে তারা।”
বিশ্বজুড়ে ৪০০টিরও বেশি গবেষণার ওপর ভিত্তি করে পরিচালিত একটি বৈশ্বিক পর্যালোচনায় দেখা গেছে, নগরায়ণের বিস্তারের সঙ্গে সঙ্গে অধিকাংশ প্রজাতির কাকের সংখ্যা বাড়ে। শহরাঞ্চলে খাদ্যের প্রাচুর্য ও বাসা বাঁধার নিরাপদ আশ্রয়ের পাশাপাশি, শিকারী প্রাণীর উপদ্রব না থাকার কারণেই উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিঙ্গাপুরের ওপর পরিচালিত ২০০৩ সালের একটি গবেষণাতেও উঠে আসে একই চিত্র।
সিঙ্গাপুরের রাস্তার ধারে অতি পরিচিত ইয়েলো ফ্লেম গাছ (Peltophorum pterocarpum) আপনার নজর কাড়বে। যেখানে কাক হরহামেশাই বাসা বেঁধে থাকে। সরকারি আবাসনগুলোর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কার্নিশ কিংবা ছাউনিযুক্ত ফুটপাতে নিশ্চিন্তে বাসা বানায় কবুতর ও ময়না।
“যতদিন আমরা সীমাহীন খাবারের যোগান দেবো এবং বাসা বাঁধার সুযোগ থাকবে, ততদিন এদের সংখ্যাও বাড়বে,” বলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বন্যপ্রাণী বিজ্ঞানের অধ্যাপক জন মার্জলুফ।
মানুষ যদি এসব পাখির সঙ্গে সহাবস্থান করতে না শেখে, তবে সিঙ্গাপুর অনন্তকাল এই নিধন চক্রেই আটকা পড়ে থাকবে বলে সতর্ক করেন স্থানীয় সংগঠন আরবান বার্ডস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা লিয়িন লিম।
রবিন হিকস এর প্রতিবেদনটি পড়ুন এখানে।
ব্যানার ছবি: ২০২৬ সালের জুলাই মাসে সুঙ্গেই টেঙ্গাহ লজে পেস্ট কন্ট্রোল কোম্পানির বিষপ্রয়োগে অসুস্থ হয়ে পড়া একটি কাক। ছবি: Robin Hicks/মঙ্গাবে।