বন উজার, আবাসস্থল ধংস, শিকার, অবৈধ বাণিজ্য, জলবায়ু পরিবর্তনসহ আরও নানা কারণে বিশ্বজুড়ে বন, বন্যপ্রাণী, প্রতিবেশের ওপর বাড়ছে আঘাত। এর মধ্যে চিরতরে হারিয়ে গেছে হাজারো প্রজাতি, কোনো রকমে টিকে আছে অনেকে।
নতুন এক বৈশ্বিক মূল্যায়নে বলা হচ্ছে ১৯৭০ সালের পর বিশ্বজুড়ে বন্যপ্রাণীর সংখ্যা কমেছে ৭৩ শতাংশ। আফ্রিকায় এই সংখ্যা ভয়াবহ। তারা বলছে ৫০ বছরে এই অঞ্চলে বন্যপ্রানীর সংখ্যা কমেছে ৮০ ভাগ। পরিসংখ্যানটি তথ্য মূলত যেসব বন্যপ্রাণী নজরদারির ভেতর ছিলো, তাদের হিসেব থেকে করা।
যদিও বেশ কয়েক দশক ধরে সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকায়, কিছু এলাকায় বন্যপ্রাণী পুনরুদ্ধারের নজিরও উঠে এসেছে প্রতিবেদনটিতে।
লিভিং প্ল্যানেট ইনডেক্স, জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডন (ZSL) ও ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (WWF)-এর একটি যৌথ উদ্যোগ। গত ৮ অক্টোবর তারা বন্যপ্রাণী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে নজরদারিতে থাকা প্রাণীগুলোর এই চিত্র তুলে ধরা হয়েছে। এতে ১৯৭০ থেকে ২০২২ সাল পর্যন্ততথ্য বিশ্লেষণ করা হয়েছে, বিশ্বের ৫ হাজার ৭৯০টি মেরুদণ্ডী প্রজাতির ৩৫ হাজার ৮০৩টি প্রাণীর পর্যবেক্ষণের।
অঞ্চলভেদে সবচেয়ে বেশি অবনমন হয়েছে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে, ৯৫ শতাংশ; আফ্রিকায় ৮০ শতাংশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪৯ শতাংশ। তবে এই পরিসংখ্যান পৃথিবীর মোট বন্যপ্রাণীর ৭৩ শতাংশ হারিয়ে যাওয়াকে বোঝায় না; বরং পর্যবেক্ষণের আওতায় প্রাণীগুলোর গড় সদস্য সংখ্যার পরিবর্তন তুলে ধরে এটি।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে নজরদারিতে থাকা বন্যপ্রাণীর ওপর সবচেয়ে বেশি চাপ তৈরি করছে আবাসস্থল ধ্বংস ও অবক্ষয়। অতিরিক্ত আহরণ, জলবায়ু পরিবর্তন, দূষণ, রোগবালাই এবং আগ্রাসী প্রজাতিও এসব প্রাণীর জন্য অন্যান্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে এই প্রতিবেদনে।
প্রতিবেদনে কঙ্গো অববাহিকার উদাহরণ দিয়ে বলা হয়, সেখানে কৃষিকাজের বিস্তার, গাছ কাটা ও খনন কার্যক্রমের পাশাপাশি সড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কারণে খণ্ডিত হয়ে পড়ছে বনাঞ্চল। এসব অবকাঠামো দুর্গম এলাকাগুলোতেও মানুষের প্রবেশ সহজ করছে। এছাড়া প্রাণীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে প্রাণী শিকার ও চোরাশিকারীরা।
ডব্লিউডব্লিউএফের তথ্য অনুযায়ী, গত কয়েক দশকে আফ্রিকার বন্যহাতির (Loxodonta cyclotis) সংখ্যা কমেছে ৬০ ভাগের বেশি। আবাসস্থল হারানো এবং হাতির দাঁতের জন্য অবৈধভাবে প্রাণী হত্যা এর প্রধান কারণ।
সংস্থাটির কঙ্গো অববাহিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক নাদেগে জোয়েম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “এই প্রবণতা থামাতে হলে সরকার, নাগরিক সমাজ ও অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকায় রাখতে হবে আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয়দের।”
বৈশ্বিক পরিসংখ্যান দেখাচ্ছে, বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগ একটি কার্যকর কর্মসূচী। সূচকে দেখা যায় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচী যেখানে নেয়া হয়েছে, সেখানে নজরদারিতে অন্তর্ভুক্ত অর্ধেক প্রাণীর সংখ্যা স্থিতিশীল রয়েছে, নয়তো বেড়েছে। তবে সামগ্রিক সূচকে বাকি অর্ধেক উল্লেখযোগ্যভাবে অবনমিত।
দক্ষিণ আফ্রিকার সাভানা হাতি (তৃণভূমির হাতি) নিয়ে (Loxodonta africana) প্রতিবেদনে বলা হয়, বিপন্ন এই প্রজাতির সংখ্যা তাদের বিস্তৃত আবাসভূমির বড় অংশ জুড়েই কমেছে। তবে যেসব এলাকায় স্থানীয় সম্প্রদায় সরাসরি বন্যপ্রাণী ব্যবস্থাপনায় অংশ নিচ্ছে, সেখানে কিছু হাতির সংখ্যা বেড়েছে। এসব উদ্যোগের পাশাপাশি চেষ্টা করা হচ্ছে বন্যপ্রাণী পাচার রোধ, বিচার ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতি কমানো।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নির্দিষ্ট প্রজাতি ও তাদের আবাসস্থল সংরক্ষণ করলেই চলবেনা। জীববৈচিত্র্যের অবক্ষয় রোধ ও পূর্বাবস্থা ফেরাতে বনের ওপর খাদ্য ও জ্বালানি নির্ভরতা কমানোর পাশাপাশি, আর্থিক ব্যবস্থার মতো মৌলিক কাঠামোগত বিষয়েও পরিবর্তন আনতে হবে।
ব্যানার ছবি: নামিবিয়ার এটোশা জাতীয় উদ্যানে বিচরণ করছে একটি হাতি। ছবি: Stephan Scholvin.
প্রতিদবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে মঙ্গাবে গ্লোবাল-এ ২০২৬ সালের ৭ অক্টোবর।