সারাবিশ্বে যখন জীববৈচিত্র্য দ্রুত কমে আসছে তখন সংকট মোকাবিলায় সংরক্ষণের এক নতুন কৌশলের ওপর জোর দিচ্ছেন বিজ্ঞানীরা। কৌশলটি হলো বানর জাতীয় প্রাণীদের (প্রাইমেট) আবাসস্থল সুরক্ষিত করা। এর মধ্য দিয়ে তাদের পাশাপাশি আরও অসংখ্য প্রজাতিকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন গবেষকরা।
দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণ ও তহবিল বরাদ্দের ক্ষেত্রে বাঘ কিংবা জায়ান্ট পান্ডার মতো আমব্রেলা প্রজাতিগুলোই মূলত অগ্রাধিকার পেয়ে আসছে। এর পেছনে যুক্তি ছিলো, এসব প্রাণীর টিকে থাকার স্বার্থে প্রয়োজনীয় সুবিশাল বিচরণক্ষেত্র রক্ষা করতে পারলে সুরক্ষা পাবে একই প্রতিবেশের অন্যান্য বন্যপ্রাণীও।
সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের গবেষণায় দেখা গেছে, বানর জাতীয় প্রাণী যেমন-উল্লুক, চশমা পড়া হনুমান, স্লো লরিস, এইপও কার্যকর “আমব্রেলা প্রজাতি” হয়ে উঠতে পারে। টিকে থাকার তাগিদে তাদের জন্যও অখণ্ড ও বিস্তৃত আবাসস্থলের দরকার পড়ে। গবেষকরা জানান, এসব প্রাণীর প্রয়োজনীয় সুবিশাল অঞ্চল সুরক্ষিত করা গেলে, একই প্রতিবেশ ভাগ করে নেওয়া অগণিত বন্যপ্রাণীর অস্তিত্বও টিকিয়ে রাখা যাবে।
গবেষণার অংশ হিসেবে চীনের জীববৈচিত্র্য-সমৃদ্ধ ইউনান প্রদেশের ১৬টি প্রাইমেট প্রজাতির আবাসস্থল বিশ্লেষণ করেছেন গবেষকরা। একই সঙ্গে অঞ্চলটিতে বসবাসরত বিপন্ন ও স্থানীয় ৬০১ প্রজাতির স্তন্যপায়ী, উভচর, পাখি ও সরীসৃপ এবং ৪,০১০ প্রজাতির বীজযুক্ত উদ্ভিদের উপস্থিতিও খতিয়ে দেখেন তারা। বিশ্লেষণে দেখা গেছে, ইউনানের মাত্র ৩০ শতাংশ এলাকাকে প্রাইমেট সংরক্ষণে অগ্রাধিকার অঞ্চল হিসেবে ঘোষণা করা হলে সেখানকার ৮৬ শতাংশ প্রাণী এবং ৭২ শতাংশ বীজযুক্ত উদ্ভিদের প্রতিটির প্রায় এক-তৃতীয়াংশ আবাস সুরক্ষিত থাকবে।
তা ছাড়া নির্দিষ্ট ওই এলাকাটুকু রক্ষা করা গেলে তা প্রদেশটির বার্ষিক কার্বন মজুতের অর্ধেকেরও বেশি ধরে রাখতে সহায়তা করবে বলে উল্লেখ করা হয় গবেষণাটিতে।
বিশ্বের অন্যান্য অঞ্চলেও বহু বন্যপ্রাণীকে একসঙ্গে সুরক্ষার আওতায় আনতে বিলুপ্তির ঝুঁকিতে থাকা বানর জাতীয় প্রাণীর আবাসস্থল সংরক্ষণের পক্ষে মত দিচ্ছেন পরিবেশকর্মীরা। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মহাবিপন্ন গ্রয়ার্স গরিলার (Gorilla beringei graueri) আবাসস্থল সুরক্ষায় কাজ করছে অলাভজনক সংস্থা রেইনফরেস্ট ট্রাস্ট। সংস্থাটির অভিমত, এই পদক্ষেপ সেখানকার ১১,০০০-এরও বেশি প্রজাতির বসতি রক্ষা করতে সহায়তা করবে। একইভাবে বোর্নিয়ান ওরাংওটাং (Pongo pygmaeus)-এর আবাসস্থল সুরক্ষিত থাকলে বোর্নিও ও সুমাত্রার রেইনফরেস্টের আনুমানিক ২০,০০০ প্রজাতির টিকে থাকার পথ সুগম হতে পারে বলে জানিয়েছে বোর্নিও ওরাংওটাং সারভাইভাল ফাউন্ডেশন।
বানর জাতীয় প্রাণীরা “আকর্ষণীয়, যা তহবিল সংগ্রহ এবং প্রচারণার ক্ষেত্রে দারুণ সহায়ক এবং পরিবেশ রক্ষার প্রতীক হিসেবে ভূমিকা রাখবে,” মঙ্গাবে-কে ইমেইলে জানান টিম ডেভেনপোর্ট। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা রি:ওয়াইল্ড-এর আফ্রিকা বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেভেনপোর্ট আরও বলেন, “সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো, অবক্ষয়গ্রস্ত একটি বনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সেখানে সবার আগে প্রাইমেটরা হারিয়ে যায়।”
হাউ টু থিংক লাইক অ্যান ইকোলজিস্ট বইয়ের লেখক অ্যামি বি. ম্যাকইউয়েন মঙ্গাবে-কে ইমেইলে বলেন, “বড় আকারের মেরুদণ্ডী প্রাণীদের বন্য প্রজাতিকে রক্ষা করা, আরও অনেক কিছুকে রক্ষা করার এক দারুণ উপায়।”
“সংরক্ষণের হাতিয়ার হিসেবে আমব্রেলা পদ্ধতি খুবই বাস্তবসম্মত,” উল্লেখ করেন ডেভেনপোর্ট। “এর সীমাবদ্ধতাগুলো ধারণাগত দিকের চেয়ে বরং সুশাসন ও মানুষের আচরণের সঙ্গেই বেশি সম্পর্কিত।”
ব্যানার ছবি: চীনের ইউনানে একটি ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট স্নাব-নোজড মাঙ্কি (Rhinopithecus bieti)। ছবি: Rod Waddington via Flickr. (CC BY-SA 2.0).