জিনোম সিকোয়েন্স হলো, কোনো প্রাণীর শারীরিক ও মানসিক বৈশিষ্ঠ্যের মানচিত্র। সে কীভাবে খায়, কীভাবে শিকার করে, কীভাবে প্রকৃতির সঙ্গে লড়াই করে, অসুখ-বিসুখ হলে কীভাবে সেরে ওঠে কিংবা তার কি ধরনের অসুখ বিসুখ হওয়ার আশংকা রয়েছে- এই সব কিছুই তার শরীরে কোষের ভেতরের একটা অংক।
বিজ্ঞানীরা যদি মনে করেন রোগ বালাই কিংবা পারিপার্শ্বিকতার কারণে কোনো একটি প্রানী বিলুপ্ত হতে পারে, তবে তার জিনোম সিকোয়েন্স বের করে আগেভাবেই তাকে রক্ষার করার একটা সুযোগ তৈরি করা যায়।
সম্প্রতি বিজ্ঞানীরা ফিলিপাইনের বিপন্ন প্রাণী ভিসায়ান চিত্রা হরিণের একটি খসড়া জিনোম সিকোয়েন্স তৈরি করেছেন। ইতিহাসে প্রথমবারের মতো দুর্লভ এই হরিণের সম্পূর্ণ জিনোম বিন্যাস উন্মোচিত হলো। মঙ্গাবে-র এক প্রতিবেদনে ফ্রিল্যান্স লেখক পিপো কারমোনা জানিয়েছেন, প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এই জিনোম কার্যকর একটি রূপরেখা দিতে পারে।
একসময় মধ্য ফিলিপাইনের ৬টি দ্বীপে ভিসায়ান চিত্রা হরিণের (Rusa alfredi) অবাধ বিচরণ ছিলো। তবে নির্বিচারে বন উজার ও চোরাশিকারের কবলে পড়ে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে আসে। এমন বাস্তবতায় ১৯৮৮ সালে বৈশ্বিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা IUCN হরিণটিকে বিপন্ন তালিকাভুক্ত করে। এরপর ২০১৯ সালে ফিলিপাইন সরকারের পক্ষ থেকেও প্রজাতিটিকে জাতীয়ভাবে মহাবিপন্ন ঘোষণা করা হয়। IUCN-এর ২০১৬ সালের সবশেষ গণনা অনুযায়ী, প্রকৃতিতে এই জাতের প্রাপ্তবয়স্ক হরিণ টিকে আছে মাত্র প্রায় ৭০০টি । বর্তমানে কেবল নেগ্রোস ও পানায় দ্বীপেই এদের বিচরণ সীমাবদ্ধ।
হরিণটির সার্বিক জিনগত স্বাস্থ্য যাচাই করতে যৌথভাবে এর DNA ম্যাপিং করেছেন সিলিম্যান ইউনিভার্সিটি এবং ফিলিপাইন জিনোম সেন্টার ভিসায়ান-এর গবেষকরা। প্রজাতিটির জিনগত অবস্থা নিরূপণই ছিলো তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
গবেষণার জন্য খাঁচায় বন্দি ‘আব্রাহাম’ নামের একটি ভিসায়ান চিত্রা হরিণের টিস্যুর নমুনা বিশ্লেষণ করা হয়। সিলিম্যান ইউনিভার্সিটির সেন্টার ফর ট্রপিক্যাল কনজারভেশন স্টাডিজ (CENTROP)-এ আব্রাহাম বড় হয় এবং মারা যায় সেখানেই। সিকোয়েন্স সম্পন্ন হওয়া জিনোমটিতে ২.৫ বিলিয়ন DNA লেটার এবং ২৪,৫৩১টি জিনের সন্ধান মিলেছে। ফিলিপাইনের কোনো বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিংয়ের এমন নজির এটিই প্রথম।
হরিণগুলোর মধ্যে এখনও কতটা জিনগত বৈচিত্র্য টিকে আছে তা জানতে চেয়েছিলেন সিলিম্যান ইউনিভার্সিটির জীববিজ্ঞানী পার্সি মার্ক সিয়েনেস। ভবিষ্যৎ প্রজনন ব্যবস্থার উন্নতি ঘটাতে সক্ষম কোনো জিনগত রূপান্তর কারও মধ্যে অবশিষ্ট রয়েছে কি না, তা জানাই ছিল তার লক্ষ্য। সেজন্য তিনি পুরো জিনোমটি স্ক্যান করেন এবং এমন একটি জেনেটিক মার্কার শনাক্ত করতে সমর্থ হন, যা হরিণের ওই গোষ্ঠীটির জিনগত স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারবে।
“আমরা একটি বিরল অ্যালিল শনাক্ত করেছি যা এখানকার কেবল একটি প্রাণীর মধ্যেই পাওয়া গেছে, এবং সৌভাগ্যবশত প্রাণীটি এখনও প্রজননে সক্ষম,” বলেন সিয়েনেস।
সিলিম্যান ইউনিভার্সিটির জীববিজ্ঞানী রবার্ট গুইনো-ও জানান, CENTROP-এর প্রজনন কর্মসূচিকে ঢেলে সাজাতে এই অনুসন্ধানটি খুব কার্যকর একটি ভিত্তি তৈরি করেছে। “আমরা একটি জিনোম-ভিত্তিক প্রজনন পদ্ধতি অনুসরণ করছি,” উল্লেখ করেন গুইনো-ও। এই উদ্যোগ বংশধারা অনুসরণের সনাতন পদ্ধতির জায়গা পুরোপুরি নেবে বলে মনে করেন তিনি।
গবেষকদের অভিমত, সামগ্রিক জিনগত বৈচিত্র্য বাড়াতে CENTROP-এর সঙ্গে অন্য ২টি প্রজনন কেন্দ্রের হরিণ বিনিময় কর্মসূচি আবার চালু করা দরকার।
খাঁচায় বন্দি ও বুনো পরিবেশের হরিণদের মধ্যকার জিনগত ব্যবধান কমিয়ে আনার ব্যাপারেও আশাবাদী গবেষক দল। সেজন্য উভয় দলের সদস্যদের মধ্যে মিলনের সম্ভাব্যতা যাচাই করতে চান তারা। নেগ্রোস দ্বীপের বায়ওয়ান নেচার রিজার্ভে এই অভিনব পরীক্ষা চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংরক্ষিত এই বনাঞ্চলের আয়তন ৩০০ হেক্টর (৭৪১ একর), যেখানে বর্তমানে ৭০টি হরিণের আবাস।
পিপো কারমোনার মূল প্রতিবেদনটি বিস্তারিত পড়ুন এখানে।
ব্যানার ছবি: সিলিম্যান ইউনিভার্সিটির সেন্টার ফর ট্রপিক্যাল কনজারভেশন স্টাডিজে একটি ভিসায়ান চিত্রা হরিণ। ছবি: পিপো কারমোনা।